দরপতন অব্যাহত, লেনদেনও কম
দরপতনের মধ্যে আজ মঙ্গলবারও শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে। এর ফলে সূচকের পতন হয়েছে। একই সঙ্গে লেনদেনও অনেক কমে গেছে। এ নিয়ে টানা সাত দিন দরপতনের ঘটনা ঘটল বাজারে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৩ পয়েন্ট কমে ৪০২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেনের ২৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ২৬ পয়েন্ট পড়ে যায়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সূচক ১০ পয়েন্ট বাড়লেও এরপর থেকে আবারও সূচকের পতন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৬টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ স্টক এক্সচেঞ্জটিতে ১৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪০ কোটি টাকা কম। একই সঙ্গে আজকের লেনদেন গত প্রায় সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৭ জুলাই ১২১ কোটি টাকার লেনদেন হয়েছিল।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, আরএন স্পিনিং, সিএমসি কামাল, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, তাল্লু স্পিনিং, এনবিএল ও মালেক স্পিনিং প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৩২৫ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১০টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ১৪ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম।