দরপতন অব্যাহত, কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল বৃহস্পতিবারও ৩১ পয়েন্ট কমেছে। এর ফলে ডিএসইর সাধারণ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৭৯৭ পয়েন্টে। গত প্রায় দুই মাসের ব্যবধানে এটিই ডিএসইর সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে সর্বশেষ গত ২২ মার্চ ডিএসইর সাধারণ সূচক চার হাজার ৭৫৯ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। সূচকের পাশাপাশি লেনদেনেও মন্দাভাব নেমে এসেছে ঢাকার শেয়ারবাজারে। গতকাল দিন শেষে ডিএসইতে প্রায় ১৭৩ কোটি টাকা লেনদেন হয়। সূচকের মতো এটিও গত প্রায় আড়াই মাসের ব্যবধানে সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ গত ১২ মার্চ ডিএসইতে প্রায় ১৪৩ কোটি টাকার লেনদেন হয়েছিল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন ঘটেছে। দিন শেষে গতকাল সিএসইর সার্বিক মূল্যসূচক প্রায় ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৩৬ পয়েন্টে। একই সঙ্গে চট্টগ্রামের বাজারেও লেনদেন নেমে এসেছে ২৮ কোটি টাকায়। তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের নির্দেশনা বিষয়ে আদালতের রায়ের পর বাজারে এই দরপতন শুরু হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনার বিরুদ্ধে তালিকাভুক্ত কয়েকটি কোম্পানির রিট আবেদনের শুনানি শেষে ২১ মে আদালত রায় ঘোষণা করেন। আদালতের রায়ে এসইসির নির্দেশনাকে বৈধ বলে ঘোষণা করা হয়। এসইসির সংবাদ বিজ্ঞপ্তি: ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে আদালতের রায় ঘোষণার তিন দিনের মাথায় এসইসি এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। গতকাল এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশনা বা প্রজ্ঞাপন পরিপালনের জন্য কমিশন জরুরি ভিত্তিতে এ-সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করছে। কমিশন এও বলেছে, আদালতের রায়ের ফলে গত বছরের ২২ নভেম্বর জারি করা এসইসির নির্দেশনাটি বহাল রয়েছে। এসইসির বক্তব্য থেকে স্পষ্ট যে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের সময়সীমা আর বাড়ছে না। ২১ মে এই সময়সীমা শেষ হয়ে গেছে। এর ফলে ২২ মে থেকে যেসব পরিচালকের হাতে নিজ কোম্পানির ২ শতাংশের কম শেয়ার রয়েছে, তাঁদের পরিচালক পদ থেকে সরে যেতে হবে। এ ক্ষেত্রে এসইসিকে প্রক্রিয়াগত কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর কমিশন তা যথাযথভাবে পরিপালনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। কমিশন এও জানিয়েছে, বর্তমানে উচ্চ আদালতে আরও কিছু রিট বিচারাধীন রয়েছে। সেসব রিট দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্যও কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। উল্লেখ্য, ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসির জারি করা নির্দেশনায় বলা হয়, এখন থেকে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সব সময় সম্মিলিতভাবে নিজ নিজ কোম্পানির ৩০ শতাংশ এবং পরিচালকদের এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।