দরপতন অব্যাহত, কমেছে লেনদেনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল সোমবারও দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক পৌনে ২ শতাংশ বা ৭৬ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ১ দশমিক ৬৫ শতাংশ বা ২১২ পয়েন্ট। এর ফলে চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই বাজারে দরপতন ঘটল। সূচকের পাশাপাশি দুই বাজারে লেন-দেনের পরিমাণও কমে গেছে।ঢাকার বাজারে গতকাল লেনদেন শুরুর কয়েক মিনিটের ব্যবধানেই সূচক নিম্নমুখী হতে শুরু করে, দিনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ঘাটতির কারণে বাজারে এ পতন বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।গত কয়েক দিনে তালিকাভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের অর্ধবার্ষিক যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে তা বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, এসব প্রতিবেদন অনুযায়ী কোম্পানিগুলোর আয় আগের চেয়ে অনেক কমে গেছে। এর ফলে ঋণদাতা একাধিক প্রতিষ্ঠান ব্যাংক ও আর্থিক খাতের অনেক কোম্পানির শেয়ারের বিপরীতে ঋণসুবিধা বন্ধ করে দিয়েছে।জানা গেছে, আগাম সতর্কতা হিসেবে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ঋণসুবিধা বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে। একদিকে আর্থিক প্রতিবেদনের মন্দ চিত্র অন্যদিকে ঋণ বন্ধের ঘোষণা দুইয়ে মিলে গতকাল লেনদেন শুরুর পর থেকেই ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম কমতে শুরু করে। এটি সূচকের পতনকে ত্বরান্বিত করেছে। বাজারপরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের দৈনিক পর্যালোচনা প্রতিবেদনেও এই হতাশার বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ডিএসইর সূচক চার হাজার ২০০ পয়েন্টের নিচে নেমে আসার পর পতন আরও কিছুটা ত্বরান্বিত হয়েছে। এ অবস্থায় ব্যক্তি শ্রেণীর সাধারণ বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী উভয় শ্রেণীই বাজারপরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এতে লেনদেনের পরিমাণ কমে গেছে। ঢাকার বাজারে গতকাল ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০০টিরই দাম কমেছে, বেড়েছে ৪৮টির আর অপরিবর্তিত ছিল ১৬টির দাম। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক কমে নেমে এসেছে প্রায় চার হাজার ১৫৯ পয়েন্টে। এদিন ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২২৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৬ কোটি টাকা কম।চট্টগ্রামের বাজারে গতকাল ১৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৩টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ২২টির আর অপরিবর্তিত ছিল সাতটির দাম। দিনশেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৬৫৭ পয়েন্টে। এদিন সিএসইতে প্রায় ২৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় কোটি টাকা কম।