দরপতন অব্যাহত, লেনদেন বেড়েছে
দেশের শেয়ারবাজারে দরপতনের ধারা অব্যাহত রয়েছে। গত রোববারের বড় দরপতনের পর গতকাল সোমবার বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ১ দশমিক ২৫ শতাংশ বা ৫২ পয়েন্ট কমেছে। আর নতুন চালু হওয়া সূচক ডিএসইএক্স প্রায় এক দশমিক ১৯ শতাংশ বা ৪৮ পয়েন্ট কমে নেমে এসেছে চার হাজার ১০ পয়েন্টে। গত ২৭ জানুয়ারি চার হাজার ৫৬ পয়েন্টের অবস্থান থেকে নতুন এই সূচক চালু হয়। কিন্তু কয়েক দিনের টানা দরপতনের ফলে গতকাল সেটি প্রথমবারের মতো প্রারম্ভিক অবস্থানের নিচে নেমে গেছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ১ দশমিক ২৬ শতাংশ বা ১৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৫৫৬ পয়েন্টে। বিশ্লেষকদের মতে, অর্থনীতিতে এমন কোনো ঘটনা ঘটেনি যার কারণে বিনিয়োগকারীদের মধ্যে চরম আস্থাহীনতা তৈরি হতে পারে। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, অর্থনীতির সঙ্গে সংগতিপূর্ণ কোনো কারণে যদি বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হতো, তাহলে বাজারের আচরণ ভিন্ন হতো। অথচ গত কয়েক দিনের দরপতনে দেখা গেছে, তালিকাভুক্ত মৌলভিত্তিসম্পন্ন অপেক্ষাকৃত ভালো কোম্পানিগুলোর শেয়ারের দাম কমেছে। আত্মবিশ্বাস ঘাটতির কারণে দরপতন ঘটলে এমনটি হওয়ার কথা নয়। সে ক্ষেত্রে কম মৌলভিত্তির কোম্পানিরই বেশি দরপতন হওয়ার কথা। কিন্তু বাজারে ঘটছে এর উল্টো চিত্র। মোহাম্মদ হেলাল আরও বলেন, বাজার বর্তমানে যে অবস্থায় রয়েছে, তাতে হয়তো একটি গোষ্ঠী ভালো শেয়ারে বিনিয়োগে আগ্রহী। তারাই হয়তো এখন চাইছে ভালো কোম্পানির শেয়ারের দাম যত কমবে তাদের বিনিয়োগের জন্য সেটি তত বেশি লাভজনক হবে। এ কারণে হয়তো কেউ কেউ নতুন করে বিনিয়োগের সুবিধার্থে দাম কমানোর চেষ্টা করছে। ঢাবির এই অধ্যাপক বলেন, ‘শেয়ারবাজারে “পাম্প অ্যান্ড ডাম্প” নামে শেয়ারের দাম বাড়ানো-কমানোর এক ধরনের কৌশলের প্রচলন আছে। আমাদের দেশেও এই ধরনের ঘটনার প্রমাণ রয়েছে পুঁজিবাজার তদন্ত প্রতিবেদনে। এখনো সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কি না, সেটি খতিয়ে দেখা দরকার। কারণ এই ধরনের কারসাজি রোধে কার্যকর কোনো পদক্ষেপ এখনো আমাদের চোখে পড়েনি।’ রোববারের বড় দরপতনের পর গতকাল মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ঘণ্টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ৪৬ পয়েন্ট বেড়ে চার হাজার ১৯১ পয়েন্টে ওঠে। এরপর থেকে সূচকের পতন শুরু হয়। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে নেমে এসেছে চার হাজার ৯৩ পয়েন্টে। এ ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় ১৯ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩১৫ কোটি টাকায়। আর চট্টগ্রামের বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।