আবারও টানা দরপতনের ধারায় দেশের শেয়ারবাজার। এ নিয়ে গত তিন দিন বাজারে টানা দরপতন ঘটেছে। এই দরপতনের প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে আবারও বিক্ষোভ করেছেন একদল বিনিয়োগকারী। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল বুধবার দিন শেষে পৌনে ২ শতাংশ বা প্রায় ৭৭ পয়েন্ট কমেছে। এ ছাড়া গত তিন দিন মিলে ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় ২৮৮ পয়েন্ট। এর আগের তিন দিনের টানা ঊর্ধ্বগতিতে ডিএসইর সাধারণ সূচক বেড়েছিল প্রায় ৩০৬ পয়েন্ট। সেই হিসাবে তিন দিনে সূচক যা বেড়েছিল, গত তিন দিনের দরপতনে তার প্রায় সমপরিমাণ সূচক কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল এক দিনে কমেছে দেড় শতাংশ বা প্রায় ২০৭ পয়েন্ট। দরপতন সত্ত্বেও গতকাল দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। দরপতনের প্রতিবাদে গতকাল লেনদেন শেষে একদল বিনিয়োগকারী রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা পুঁজিবাজারনিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন এবং ডিএসইর সভাপতি রকিবুর রহমানের বিরুদ্ধে স্লোগান দেন।বাজার-পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের খবরটি আন্তর্জাতিক প্রচারমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়। এর ফলে শেয়ারবাজারে যেসব বিদেশি বিনিয়োগকারী রয়েছেন, তাঁদের মধ্যে এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হয়। এ কারণে গত সোমবার বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে বাজারে বড় ধরনের বিক্রির চাপ আসে। ওই বিক্রির চাপ বাজার সামাল দিতে না পারায় ওই দিনই বড় ধরনের দরপতন ঘটে। যার রেশ এখনো অব্যাহত রয়েছে।’মাশরিব জাহিদ আরও বলেন, ‘এই মুহূর্তে বড় বিক্রির চাপ সামাল দেওয়ার মতো আর্থিক সংগতি মার্চেন্ট ব্যাংক বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের খুব একটা নেই। বেশির ভাগ মার্চেন্ট ব্যাংকই আর্থিক সংকটের মধ্যে রয়েছে। এ কারণে বাজারে শক্তিশালী ক্রেতা তৈরি হচ্ছে না। তাই বাজারে ক্রমাগত দরপতন চলছে।’ দিন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে নেমে এসেছে প্রায় চার হাজার ২৮৪ পয়েন্টে। বুধবার দিন শেষে ঢাকার বাজারে ১৫৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১৯ কোটি টাকা বেশি। সিএসইর সার্বিক মূল্যসূচক বুধবার কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ১৪ পয়েন্টে। দিন শেষে সিএসইতে প্রায় ২৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় দেড় কোটি টাকা বেশি।আমরা টেকনোলজিসের লেনদেন শুরু: গতকাল থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে নতুন কোম্পানি আমরা টেকনোলজির। লেনদেন শুরুর প্রথম দিনেই এটি আইপিওর দামের নিচে নেমে গেছে। যদিও লেনদেনের একপর্যায়ে এটির দাম সর্বোচ্চ ২৮ টাকা পর্যন্ত উঠেছিল। কিন্তু লেনদেন শেষে তা নেমে এসেছে ২৩ টাকা ৯০ পয়সায়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৪ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য ছিল ২৪ টাকা। যাঁরা আইপিওতে কোম্পানিটির শেয়ার বরাদ্দ পেয়েছেন, তাঁদের বেশির ভাগকে গতকালই লোকসানের মুখে পড়তে হয়েছে।