দরপতন অব্যাহত পুঁজিবাজারে
দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো দরপতন হয়েছে। ব্যক্তি বিনিয়োগকারীরা সক্রিয় থাকলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে যথাযথ সক্রিয় না থাকায় এ দরপতনের ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দিনের লেনদেন শেষে দুই বাজারেই আজ বেশির ভাগ কোম্পানির দরপতন হয়েছে। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় দুই শতাংশ সূচক পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশ পতন হয়েছে।এ ব্যাপারে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহসভাপতি তানজিল আহমেদ বলেন, বিগত কয়েক দিনে বাজারে যে সূচক ও লেনদেন বেড়েছিল তা সাধারণ বিনিয়োগকারীদের সক্রিয়তার কারণে হয়েছে। তবে সাধারণ বিনিয়োগকারীরের পক্ষে বাজার ধরে রাখা বেশ কঠিন।তানজিল আরও বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বর্তমানে যথাযথ ভূমিকা পালন করতে না পারায় বাজারে এ নিম্নমুখী অবস্থা। এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বেশ কিছু সমস্যাও রয়েছে বলে মনে করেন তিনি। যার মধ্যে অন্যতম হলো তাঁদের আর্থিক সংকট। এ অবস্থা থেকে কাটিয়ে উঠে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হলে বাজারে তার ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। তবে এতে কিছুটা সময়ের প্রয়োজন বলে মনে করছেন বিএমবিএর এই নেতা। এ ছাড়া বিনিয়োগকারীদের কোনো প্রকার গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেন তিনি। ডিএসই সূত্রে জানা যায়, আজ সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক এক দশমিক ৮৪ শতাংশ বা ৯৬.৯৪ পয়েন্ট কমে ৫,১৫৬.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক ৬৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের তীর নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৭টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৩২টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪০৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩১ কোটি টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—এনবিএল, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, আরএন স্পিনিং, কেয়া কসমেটিকস, আফতাব অটো, গোল্ডেন সন, ফুওয়াং ফুড ও স্কয়ার ফার্মা।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৭৮.০৬ পয়েন্ট কমে ১৪,৬৮৭.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭০টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১৩টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা কম।