দরপতন অব্যাহত বেড়েছে লেনদেন
দেশের শেয়ারবাজারে গতকাল সোমবারও দরপতন ঘটেছে। এর ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক পাঁচ হাজার পয়েন্টের কাছাকাছি নেমে এসেছে। এ নিয়ে টানা তিন দিন শেয়ারবাজারে দরপতন ঘটল। চলতি সপ্তাহের দুই কার্যদিবসে ডিএসইর সাধারণ সূচক কমেছে ১৮৫ পয়েন্ট। তবে দরপতনের মধ্যেও গতকাল দুই বাজারে লেনদেন কিছুটা বেড়েছে। দরপতনের প্রতিবাদে গতকাল রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করেছেন একদল বিনিয়োগকারী। এর আগে সংগঠনটি একটি সংবাদ সম্মেলন করে। বিক্ষোভ চলাকালে ডিএসই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ ছিল। আগের দিনের দরপতনের ধারাবাহিকতায় গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়। রোববার অভিহিত মূল্যের দর সমন্বয়ের কিছুটা বিভ্রান্তি থাকলেও গতকাল সেটি ছিল না। তিনটি বাদে লেনদেন হওয়া সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য এখন ১০ টাকা। রোববার থেকেই অভিন্ন অভিহিত মূল্যের বিষয়টি কার্যকর হয়। ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ১১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫২ পয়েন্টে। এর আগে গত ১৬ নভেম্বর সর্বশেষ ডিএসইর সাধারণ মূল্যসূচক সর্বনিম্ন চার হাজার ৯৮৮ পয়েন্টে ছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল প্রায় ২২৮ পয়েন্ট কমে নেমে এসেছে ১৪ হাজার ৩৭৬ পয়েন্টে। বিনিয়োগকারীদের প্রস্তাব: পুঁজিবাজারের স্থিতিশীলতার দাবিতে আন্দোলনরত বিনিয়োগকারীদের ডাকা ৭ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়। একই সঙ্গে পরিষদ ১০ দফা প্রস্তাবনা তুলে ধরে। পাশাপাশি ১০ জানুয়ারির মধ্যে বাজার স্থায়ীভাবে স্থিতিশীল না হলে হরতাল, আমরণ অনশনসহ অন্যান্য কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। পরিষদের ১০ দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে—ধারাবাহিক দরপতন রোধে পাঁচ হাজার ৫০০ পয়েন্টে সাধারণ মূল্যসূচকের সর্বনিম্ন সীমা বা সার্কিট ব্রেকার নির্ধারণ, শেয়ারের পুনঃক্রয় বা বাইব্যাক আইন চালু করা, ২০১০ সালের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত প্রান্তিক ঋণের (মার্জিন লোন) সুদ মওকুফ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানো, বাজারের বর্তমান বাস্তবতায় প্রতিটি ব্রোকারেজ হাউসকে কমপক্ষে ১৫ কোটি টাকা বিনিয়োগে বাধ্য করা এবং ঘোষিত প্রণোদনার দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা। বাজার পরিস্থিতি: গতকাল দুই বাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ডিএসইতে ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১৩টিরই দাম কমেছে, বেড়েছে ২৪টির আর অপরিবর্তিত ছিল নয়টির দাম। ডিএসইতে গতকাল প্রায় ২২৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।সিএসইতে এই দিন ১৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৩টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১১টির আর অপরিবর্তিত ছিল পাঁচটির দাম। দিন শেষে সিএসইতে প্রায় ৩২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা বেশি।