দরপতন অব্যাহত লেনদেনও কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপতন চলছে দেশের শেয়ারবাজারে। আগের দিনের বড় ধরনের দরপতনের ধারা গতকাল মঙ্গলবারও অব্যাহত ছিল। এর ফলে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক নেমে এসেছে চার হাজার ২০০ পয়েন্টের নিচে। গত সাড়ে তিন মাসের মধ্যে এটিই ডিএসইর সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান।এর আগে সর্বশেষ চলতি বছরের ৮ আগস্ট ঢাকার বাজারের সাধারণ সূচক চার হাজার ১৪২ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল।ঢাকার পাশাপাশি সূচক কমেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সিএসইতে সার্বিক মূল্যসূচক কমে নেমে এসেছে ১২ হাজার ৬৮৯ পয়েন্টে। গতকাল এই বাজারের সার্বিক মূল্যসূচক কমেছে ১৯১ পয়েন্ট বা ১ দশমিক ৪৮ শতাংশ। সূচকের পাশাপাশি দুই বাজারে লেনদেনের পরিমাণও কমে গেছে।আগের দিনের ১১৬ পয়েন্টের পতনের পর গতকাল ডিএসইতে সাধারণ সূচক কমেছে প্রায় ৬৫ পয়েন্ট বা দেড় শতাংশ। দরপতন দিয়েই এদিন বাজারে লেনদেন শুরু হয়। মাঝে একবার সূচকে আট পয়েন্ট যোগ হলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণীর বড় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় বাজারে দরপতন চলছে। বাজারের বর্তমান আচরণ থেকে বিনিয়োগকারীরা কোনো ধরনের নির্দেশনা পাচ্ছেন না। ফলে অনেকেই নতুন করে বিনিয়োগে এগিয়ে আসছেন না; বরং নিষ্ক্রিয় অবস্থানে থেকে তাঁরা বাজার পর্যবেক্ষণ করছেন।শেয়ারবাজারের লেনদেনের ওপর সরকারের নজরদারি বাড়ানোর সিদ্ধান্তের খবরে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে বলেও জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় সরকার পুঁজিবাজারের লেনদেনের ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।পুঁজিবাজার বিশ্লেষকেরা অবশ্য বলছেন, বাজারে স্বচ্ছতা বাড়াতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। বেশির ভাগ বিনিয়োগকারী স্বচ্ছতার সঙ্গেই শেয়ারবাজারে লেনদেন করে থাকেন। ফলে এ ধরনের খবরে তাঁদের ভীত হওয়ার কিছু নেই। তবে বাজারের একটি অংশ এ ধরনের খবরকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে।এদিকে কসমোপলিটন ফিন্যান্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভালো মৌলভিত্তিসম্পন্ন শেয়ারের দরপতনের মধ্য দিয়ে বাজারের সূচক কমেছে। সূচকের পতনের পেছনে যেসব কোম্পানির বড় ভূমিকা ছিল সেগুলোর মধ্যে রয়েছে: গ্রামীণফোন, বিএটিবিসি, তিতাস গ্যাস, পাওয়ার গ্রিড, সামিট পাওয়ার অন্যতম। ঢাকার বাজারে এদিন ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে প্রায় ৭৮ শতাংশ বা ২১১টির দাম কমেছে, বেড়েছে ৪৪টির আর অপরিবর্তিত ছিল ১৭টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২২৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২৬ কোটি টাকা কম। শুধু তা-ই নয়, সাড়ে তিন মাসের মধ্যে এটিই ডিএসইর সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ গত ৫ আগস্ট ঢাকার বাজারে ২০৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।চট্টগ্রামের বাজারে এদিন ১৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ বা ১৪১টিরই দাম কমেছে, বেড়েছে ২৪টির আর অপরিবর্তিত ছিল ১২টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা কম।