দরপতন ঘটলেও বেড়েছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যবৃদ্ধির পরদিনই গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে দরপতন ঘটেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে এটি মূল্য সংশোধন। মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বেশি থাকায় লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দরপতন ঘটেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ২৮ পয়েন্ট কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ৯৮ পয়েন্ট। মূল্যসূচক কমলেও দুই বাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। ছয় কার্যদিবস পর ডিএসইতে লেনদেন আবারও সাড়ে ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চট্টগ্রামের বাজারে এই দিন লেনদেন ছাড়িয়েছে ৮০ কোটি টাকা। দিন শেষে দুই বাজারে সম্মিলিতভাবে প্রায় ৮৪১ কোটি টাকার লেনদেন হয়েছে। দরপতনের এই দিনেও ঢাকার বাজারে তালিকাভুক্ত প্রায় ১০টি কোম্পানি ও একটি মিউচুয়াল ফান্ডের শেয়ারের মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমা ছুঁয়েছে। সেগুলো হলো: জিবিবি পাওয়ার, ডেল্টা স্পিনিং, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আমরা টেকনোলজিস, ইনটেক, সালভো কেমিক্যাল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, বিডিকম, ডেফোডিল কম ও অগ্নিসিস্টেম। এর মধ্যে প্রথম ১০টিই ছিল ডিএসইর মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায়। এসব কোম্পানির মধ্যে কয়েকটি এর মধ্যে কিছু কোম্পানির শেয়ারের দাম লেনদেন শুরুর অল্প সময়ের মধ্যেই সর্বোচ্চ সীমায় উঠে যায়। লেনদেনের শেষ পর্যন্ত সর্বোচ্চ ওই দামেই সেগুলোর লেনদেন হয়। এর মধ্যে তিনটি কোম্পানির শেয়ারের দর কয়েক দিন ধরেই মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমা স্পর্শ করছে। ডিএসইর নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘সাধারণত মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতেই শেয়ারের দাম কোনো কোনো দিন সর্বোচ্চ সীমা স্পর্শ করে। কখনো কখনো প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে সেটি হতে পারে আবার কখনো কখনো অপ্রকাশিত আগাম তথ্যের ভিত্তিতেও এমনটি ঘটে থাকতে পারে। কিন্তু আমাদের বাজারে কিছু কিছু কোম্পানির বেলায় কেন এমনটি ঘটছে তা সঠিকভাবে বলা মুশকিল। এ ধরনের ঘটনার পেছনে কিছু কারসাজির বিষয়ও জড়িত থাকতে পারে। যাঁরা হয়তো নানা ধরনের গুজব ছড়িয়ে এসব ঘটনা ঘটাচ্ছেন। এ অবস্থায় শেয়ার বাছাইয়ের ক্ষেত্রে বিনিয়োগকারীদেরই সতর্ক থাকতে হবে।’সামগ্রিক বাজার-পরিস্থিতি সম্পর্কে অর্থনীতির এই শিক্ষক বলেন, ‘দেশের সার্বিক অর্থনীতি ও ব্যাংকব্যবস্থার বর্তমান যে অবস্থা তাতে টানা বাজার ঊর্ধ্বমুখী হওয়ার মতো কোনো ঘটনা যেমন নেই, তেমনি টানা পতনের মতো ঘটনাও নেই। তাই বাজার এক দিন-দুই দিন বাড়বে আবার কমবে—এ অবস্থার মধ্য দিয়েই চলবে। তাতে হয়তো বাজারের সূচক নির্দিষ্ট একটি সীমার মধ্যেই ঘুরপাক খাবে।’ মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে ঢাকার বাজারে গতকাল লেনদেন শুরু হয়। ডিএসইতে এই দিন ২৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭১টিরই দাম কমেছে, বেড়েছে ৭৮টির আর অপরিবর্তিত ছিল ২১টির দাম। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে চার হাজার ৩৫৭ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৬০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৪৯ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে ২০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৭টিরই দাম কমেছে, বেড়েছে ৪৩টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম। সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ২০৫ পয়েন্টে। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২০ কোটি টাকা বেশি।