টানা ১৫ দিন অব্যাহতভাবে বৃদ্ধির পর অবশেষে দেশের শেয়ারবাজারে মূল্য সংশোধন হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেশির ভাগ শেয়ারের দামই গতকাল রোববার কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ১৮৭ পয়েন্ট কমে ৭২৯২ পয়েন্টে নেমে এসেছে। ১৯৯৬ সালের পর পয়েন্টের হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ দরপতন। এর আগে গত ২৫ জুলাই ডিএসইতে সূচক কমেছিল ২০৪ পয়েন্টের বেশি।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৬৪ পয়েন্ট কমে ২১২৪৫ পয়েন্টে নেমে এসেছে। সূচকের পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণও কমেছে।বিশ্লেষকেরা বলছেন, বাজার যেভাবে বাড়ছিল, তাতে এ ধরনের পতন প্রত্যাশিত ছিল। তবে এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে গত শনিবার ডিএসই ও সিএসইরি যৌথ সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীদের সতর্ক করে দেওয়া বিভিন্ন বক্তব্য।কারণ, এর মাধ্যমে বাজার যে ঝুঁকিপূর্ণ জায়গায় চলে গেছে, তার একটি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে বিনিয়োগকারীদের। এতে অনেক বিনিয়োগকারী গতকাল মুনাফা তুলে নিতে শেয়ার বিক্রির দিকে ঝুঁকে পড়েন। একসঙ্গে শেয়ার বিক্রির চাপ বেড়ে যাওয়ায় সূচক কমতে শুরু করে।এ ছাড়া দিনের শুরুতেই উচ্চ আদালতের আপিল বিভাগ কোম্পানির প্রকৃত সম্পদমূল্যের (এনএভি) ভিত্তিতে শেয়ারের বিপরীতে ঋণ বিতরণে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আদেশটি বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছেন, এ খবরটিও সূচকপতনের গতি আরও ত্বরান্বিত করেছে।বিশ্লেষকেরা বলেন, আপিল বিভাগের নির্দেশনার খবর বাজারে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শেয়ারের দরপতনের গতি বাড়তে থাকে। কারণ, এতে যেসব বিনিয়োগকারীর এনএভি সূত্র অনুযায়ী প্রাপ্য ঋণের অতিরিক্ত ঋণ ছিল, তাঁদের তা বাধ্যতামূলকভাবে সমন্বয় করতে হবে। আর এটি হলে বিক্রির চাপ আরও বাড়বে, এ আশঙ্কা থেকেই অনেকে আগেভাগেই শেয়ার বিক্রি করতে চেয়েছেন।সব মিলিয়ে গতকালের বাজারের সূচকপতনের পরিবেশ তৈরি হয়েছে।তবে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এনএভি সূত্র প্রয়োগ করা হলেও ঋণ সমন্বয়ের জন্য এখন আর খুব বেশি শেয়ার বিক্রি করতে হবে না। কারণ এরই মধ্যে মার্চেন্ট ব্যাংকগুলো নিজ থেকেই ঋণ অনুপাত কমানোর পাশাপাশি সমন্বয়ও করেছে।তবে এ পদ্ধতি বহাল থাকলে ঋণ বিতরণের সময় সব মার্চেন্ট ব্যাংককেই জটিলতায় পড়তে হবে বলে উল্লেখ করেন তিনি। কারণ হিসেবে বলেন, এ পদ্ধতিতে একেক কোম্পানি একেক হারে ঋণসুবিধা পাবে, তাই বিনিয়োগকারীর প্রকৃত ক্রয়ক্ষমতা কত হবে, তার হিসাব বের করা অত্যন্ত কঠিন হবে।এদিকে আপিল বিভাগের আদেশের পর ঋণ সমন্বয়ের জন্য নতুন করে সময় বাড়ানো হবে কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি এসইসি। সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বাজার-পরিস্থিতি পর্যালোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ঋণ সমন্বয়ের জন্য এসইসির বেঁধে দেওয়া নির্ধারিত সময় শেষ হয়েছে।বাজার-পরিস্থিতি: দেশের দুই স্টক এক্সচেঞ্জেই গতকাল সকাল থেকে মূল্যসূচক কমতে শুরু করে। লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই ডিএসইর সাধারণ সূচক ১৪০ পয়েন্টের বেশি পড়ে যায়। এ সময় বাজারে ক্রেতারা ব্যাংকিং খাতের দিকে ঝুঁকতে শুরু করলে সূচক আবার বাড়তে শুরু করে। ১১টা ৪৫ মিনিট নাগাদ প্রায় ১০০ পয়েন্টের মতো পুনরুদ্ধার হয়।এর পরই বাজারে উচ্চ আদালতের আপিল বিভাগের আদেশের খবর ছড়িয়ে পড়লে সূচক ব্যাপক হারে পড়তে শুরু করে। একপর্যায়ে সূচকপতনের পরিমাণ সাম্প্রতিক সব রেকর্ড অতিক্রম করে। তবে একেবারে শেষ মুহূর্তে বাজার সামান্য ঘুরে দাঁড়ানোয় এ ক্ষেত্রে নতুন কোনো রেকর্ড ছাড়াই লেনদেনের সমাপ্তি ঘটে।ডিএসইতে গতকাল মোট ২৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২১২টি কোম্পানিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ২৫টির ও অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দাম।আর লেনদেন হওয়া শেয়ারের মোট মূল্য দাঁড়িয়েছে দুই হাজার ৩৬৪ কোটি টাকা, আগের দিনের চেয়ে যা প্রায় ৪৩৭ কোটি টাকা কম।অন্যদিকে সিএসইতে ১৮২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। দাম বেড়েছে ২৫টির ও কমেছে ১৫১টির। অপরিবর্তিত ছিল ছয়টি কোম্পানির শেয়ারের দর। সিএসইতে গতকাল মোট ২১৭ কোটি টাকার লেনদেন হয়েছে।