দরপতন চলছেই
সপ্তাহের প্রথম দিন আজ রোববার দরপতনের মধ্যে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের বড় পতন হয়েছে। এ নিয়ে টানা চার দিন সূচকের পতন হলো শেয়ারবাজারে। সূচক পতনের পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক প্রায় ২ শতাংশ অর্থাত্ ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩,৮৩৩ পয়েন্টে। এর আগে বেলা ১১টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে লেনদেন হওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টিরই দাম কমেছে; বেড়েছে ৬৫টির, আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ২০৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১০০ কোটি টাকা কম। ওই দিন এই বাজারে ৩০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বিএসসিসিএল। প্রতিষ্ঠানটির ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, আরগন ডেনিমস প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৯৩০ পয়েন্টে।
সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টিরই দাম কমেছে; বেড়েছে মাত্র ২৩টির, আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই বাজারে ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে ১০ কোটি টাকা কম। বৃহস্পতিবার সিএসইতে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।