দরপতন চলছেই, লেনদেনও কমেছে
রমজানের কারণে দেশের শেয়ারবাজারে গতকাল রোববার থেকে পরিবর্তিত সময়ে লেনদেন শুরু হয়েছে। গতকাল থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমে তিন ঘণ্টায় নেমে এসেছে। গতকাল দুই বাজারেই বেলা ১১টায় লেনদেন শুরু হয়ে তা বেলা দুইটা পর্যন্ত চলে। রমজান শুরুর পর প্রথম কার্যদিবসেও গতকাল শেয়ারবাজারে দরপতন ঘটেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ৪২ পয়েন্ট কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ৫২ পয়েন্ট। এদিকে আগের দিনের তুলনায় গতকালের বাজারে লেনদেন কমলেও সত্যিকার অর্থে গতকালের লেনদেনের পরিমাণকে সন্তোষজনক মনে করছেন বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, এক ঘণ্টা লেনদেন কমার পরও প্রায় পৌনে ২০০ কোটি টাকার লেনদেন ইতিবাচক ইঙ্গিতই বহন করছে। এর আগে চার ঘণ্টার লেনদেনকালীন সর্বনিম্ন ১১৮ কোটি টাকারও লেনদেন হয়েছে। ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল টেলিকম খাতের তালিকাভুক্ত একমাত্র কোম্পানি গ্রামীণফোন। কোম্পানিটি তাদের শেয়ারধারীদের জন্য অন্তর্বর্তীকালীন ৯০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল বিভিন্ন সংবাদপত্র ও ডিএসইর ওয়েবসাইটে লভ্যাংশ ঘোষণার এই তথ্য প্রকাশ করা হয়। আর এই ঘোষণায় রোববার কোম্পানিটি লেনদেনের শীর্ষে ওঠে আসে। যদিও এদিন কোম্পানিটির শেয়ারের দাম কমেছে। গতকাল ডিএসইতে এককভাবে গ্রামীণফোনের প্রায় ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দুই টাকা কমে নেমে এসেছে ১৯৯ টাকা ৪০ পয়সায়। ঢাকার বাজারে গতকাল প্রায় ১৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৯৯ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে এদিন প্রায় ২৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১৫ কোটি টাকা কম।