দরপতন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে দরপতন চলছেই। চার দিন ধরে বাজারে দরপতন অব্যাহত। এই চার দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় ৩০৭ পয়েন্ট। গতকাল রোববার লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৭১৬ পয়েন্টে। গত ২১ মার্চের পর এটাই ডিএসইর সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান। ২১ মার্চ সর্বশেষ ডিএসইর সাধারণ সূচক চার হাজার ৭০০ পয়েন্টে ছিল। সূচকের পাশাপাশি বাজারে লেনদেনেও কিছুটা স্থিতাবস্থা বিরাজ করছে। গত দুই দিনে ডিএসইতে লেনদেন নেমে এসেছে ২০০ কোটি টাকার নিচে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রায় একই অবস্থা। সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১১৪ পয়েন্টে। সেই সঙ্গে গতকাল দিন শেষে লেনদেন নেমে এসেছে ২৫ কোটি টাকার নিচে। মূল্যসূচকের পতন দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সূচকের পতনের গতিও বাড়তে থাকে। তবে দিনের শুরু থেকে লেনদেনের খুবই ধীরগতি দেখা যায়। বাজার-পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে এখন ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে বাজারে নতুন কোনো বিনিয়োগ আসছে না। কেউ কেউ আরও দরপতনের আশঙ্কায় হাতে থাকা শেয়ার বিক্রি করে ভালো সময়ের জন্য অপেক্ষায় রয়েছেন। যার নেতিবাচক প্রভাব বাজারের ওপর পড়ছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, একদিকে বাজারে নতুন বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে, অন্যদিকে একটি অংশ লোকসানে বিক্রি না করে শেয়ার ধরে রেখেছে। এর ফলে লেনদেনের ক্ষেত্রে কয়েক দিন ধরে এক ধরনের স্থবিরতা বা স্থিতাবস্থা বিরাজ করছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল ঢাকার বাজারে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ডিএসইতে এদিন ২৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে প্রায় ৮৬ শতাংশ বা ২১৯টির দাম কমেছে, বেড়েছে ২৯টির আর অপরিবর্তিত ছিল আটটি কোম্পানির শেয়ারের দাম। গতকাল ডিএসইর সাধারণ সূচক কমেছে প্রায় ৮২ পয়েন্ট বা ১ দশমিক ৭২ শতাংশ। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৭৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে কয়েক লাখ টাকা বেশি।সিএসইতে গতকাল সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ২২৩ পয়েন্ট বা দেড় শতাংশ। এদিন চট্টগ্রামে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। দিন শেষে সেখানে ১৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৫৬টির দাম কমেছে, বেড়েছে ১৫টির এবং অপরিবর্তিত ছিল একটি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় পাঁচ কোটি টাকা কম।