দরপতন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে টানা দরপতন চলছেই। দরপতনের মধ্যেও গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন সামান্য বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল প্রায় ৬০ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১৫০ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৭ শতাংশ। বাজেট-পরবর্তী পুরো সপ্তাহটিই বলতে গেলে দরপতনের মধ্য দিয়ে কেটেছে। বাজারের এই আচরণে জাতীয় সংসদ ও সংসদের বাইরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজের অভিমতও ব্যক্ত করতে গিয়ে শেয়ার বাজারকে ‘দুষ্টু শেয়ারবাজার’ বলে অভিহিত করেছেন। অর্থমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেছে ডিএসই কর্তৃপক্ষ। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে আদালতে দায়ের করা রিট বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সঙ্গে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে বাজারে। এদিকে, এসইসির ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে আদালতে দায়ের করা রিটের শুনানি শুরু হয়েছে। হাইকোর্টের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে গতকাল দ্বিতীয় দিনের মতো রিটের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর আগে বুধবার একই আদালতে রিটের প্রথম দিনের শুনানি সম্পন্ন হয়। দ্বিতীয় দিনের শুনানি শেষে আদালত আগামী রোববার আবারও শুনানির দিন ধার্য করেছেন। জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘বাজার নিয়ে এখন কোনো পর্যায় থেকে কোনো ধরনের মন্তব্য না করাই বাজারের জন্য শ্রেয়। এটি করা সম্ভব হলে বাজার তার নিজস্ব নিয়মেই আচরণ করতে শুরু করবে। শেয়ারের দাম কমতে থাকলে বাজার খারাপ আর শেয়ারের দাম বাড়লে বাজার ভালো—এমন ভাবনা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে।’মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, ‘এই মুহূর্তে বাজারে কিছুটা তারল্যসংকট রয়েছে। বাজার নিয়ে মন্তব্য না করে আমাদের সবার উচিত সমস্যা সমাধানের প্রতি মনোযোগী হওয়া।’ ঢাকার বাজারে বৃহস্পতিবার ১৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৬ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে গতকাল গতকাল প্রায় ৩১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় কোটি টাকা বেশি।