দরপতন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালের ধারাবাহিকতায় আজ সোমবারও দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এর ফলে সূচকের পতন লক্ষ করা গেছে। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে।গতকালের মতো আজও দরপতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন কিছু বিনিয়োগকারী। দরপতনের মধ্যে লেনদেন চলতে থাকলে বেলা দুইটার দিকে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। তাঁরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে মানববন্ধন শুরু করেন। এসময় তাঁরা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেন। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক এক দশমিক ৩০ শতাংশ বা ৪৯ পয়েন্ট কমে ৩৭২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে কয়েকবার ওঠানামা করে সূচক। পরে সূচক নিম্নমুখী হয়ে লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৯টিরই দাম কমেছে; বেড়েছে মাত্র ৫০টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫১ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ১৯ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ওরিয়ন ফার্মা, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, ইসলামী ব্যাংক, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন হয়েছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ১৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৬২৩ পয়েন্টে।সিএসইতে আজ মোট ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৫টিরই দাম কমেছে; বেড়েছে মাত্র ১৯টির আর অপরিবর্তীত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম।