দরপতন চলছেই পুঁজিবাজারে
দেশের পুঁজিবাজারে আজ বুধবারও ব্যাপক দরপতন হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির দরপতন হয়েছে। এর ফলে সূচকের ব্যাপক পতন হয়েছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত সোমবার মন্ত্রিপরিষদের নেওয়া সিদ্ধান্ত ও আগের দিন অপ্রদর্শিত অর্থ-সম্পর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা প্রজ্ঞাপন বিনিয়োগকারীদের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে, যা দরপতনের অন্যতম কারণ।ডিএসইর সূত্রে জানা যায়, সরকারের নেওয়া দুটি পদক্ষেপ পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন আশঙ্কায় গতকাল মঙ্গলবার লেনদেন বন্ধ রাখে ডিএসই কর্তৃপক্ষ। এমনকি আজও প্রথম আধা ঘণ্টা লেনদেন বন্ধ রাখে তারা। এসইসির চেয়ারম্যানের প্রেস ব্রিফিংয়ের আধা ঘণ্টা পর লেনদেন শুরু হয়।এ দিকে লেনদেনের শুরুতে আজও ব্যাপক দরপতনের ঘটনা ঘটে। তবে বেলা পৌনে একটার দিকে সূচক সামান্য বাড়লেও দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩.৪৬ শতাংশ বা ১৬৮.৭২ পয়েন্ট কমে ৪৬৯৫.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ১৭০ পয়েন্ট পড়ে যায়। তবে বেলা পৌনে একটার দিকে সূচক ১৮ পয়েন্ট বাড়লেও সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।আজ ডিএসইতে মোট ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৯টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১৪টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৩১৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকার কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, গ্রামীণফোন, এনবিএল, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সোস্যাল ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, আফতাব অটো ও ইউসিবিএল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪০৬.২১ পয়েন্ট কমে ১১৩৫৯৪.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১০টির আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা বেশি।