দরপতন চলছেই লেনদেনও কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে দরপতন চলছেই। গত সপ্তাহের টানা দরপতন নতুন সপ্তাহের শুরুতেও অব্যাহত রয়েছে। গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে ৫৯ পয়েন্ট বা ১ দশমিক ৪৪ শতাংশ কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ১৫৫ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ। এ নিয়ে টানা পাঁচ দিন শেয়ারবাজারে দরপতন ঘটল। এর ফলে ডিএসইর সাধারণ সূচক আবারও নেমে এসেছে চার হাজার পয়েন্টের কাছাকাছি।আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের দৈনিক পর্যালোচনা প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের ঘাটতির কারণে একদিকে বাজারে নতুন কোনো বিনিয়োগ আসছে না, অন্যদিকে ঈদ সামনে রেখে অনেকে আবার বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। এর ফলে দরপতন অব্যাহত রয়েছে। ঢাকার বাজারে গতকাল সাধারণ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৪০ পয়েন্টে। এদিন ঢাকার বাজারে প্রায় ২০৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে গতকাল ১ দিন শেষে সার্বিক মূল্যসূচক কমে নেমে এসেছে প্রায় ১২ হাজার ২৪৯ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকা কম।