দরপতন ঠেকাতে বিনিয়োগকারীদের আট দফা দাবি
পুঁজিবাজারে অব্যাহত দরপতন ঠেকাতে আট দফা দাবি সংবলিত একটি লিফলেট বিতরণ করেছেন বিনিয়োগকারীরা। আজ বুধবার বেলা আড়াইটার দিকে বিক্ষোভ শুরুর আগে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এই লিফলেট বিতরণ করা হয়।বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি এসএলআর ও সিআরআরের হার কমানো, আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগের হার ২০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ নির্ধারণ করা, দুর্নীতিবাজদের আবার পুঁজিবাজারে বিনিয়োগ করতে বাধ্য করা, গত অর্থবছরের আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্জিত মুনাফা আবারও পুঁজিবাজারে বিনিয়োগে বাধ্য করা, আর্থিক প্রতিষ্ঠান ও কোম্পানির পরিচালকদের বোনাস ও রাইট শেয়ার থেকে প্রাপ্ত শেয়ার বিক্রিতে এক বছরের জন্য লকইনের ব্যবস্থা করা, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডিএসইর সভাপতিকে অপসারণে বাধ্য করা, প্লেসমেন্টের টাকা দ্রুত ফেরত দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগের ব্যবস্থা করা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অপসারণ না হওয়া পর্যন্ত ডিএসইতে লেনদেন বন্ধ রাখা।প্রসঙ্গত, বিনিয়োগকারীরা গত ডিসেম্বর ও এ বছরের জানুয়ারিতে ভয়াবহ দরপতনে পুঁজি হারিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বেশ কয়েকবার ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনাও ঘটে। আজও দরপতনে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন।