দরপতন ঠেকাতে ‘জিকির’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। আর অব্যাহত এই দরপতন ঠেকাতে এবার আল্লাহর সাহায্য কামনা করে ‘জিকির’ কর্মসূচি পালন করছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেশ কিছু বিনিয়োগকারী এই কর্মসূচিতে অংশ নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকালের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও শেয়ারবাজারে দরপতনের মধ্যে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে একদল বিনিয়োগকারী দরপতনের প্রতিবাদ করতে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে জড় হন। এ সময় সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা তাঁদের বিক্ষোভ বা কোনো ধরনের কর্মসূচি পালন করতে বাধা দেন। একপর্যায়ে বিনিয়োগকারীরা দরপতন ঠেকাতে আল্লাহর সাহায্য চেয়ে ‘জিকির’ করা শুরু করেন।এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা আজ বিক্ষোভ করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এরই পরিপ্রেক্ষিতে আমরা আল্লাহর সাহায্য চেয়ে জিকির করছি’।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টা ৫০ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২৬ পয়েন্ট কমে ৪০১৮ পয়েন্টে দাঁড়ায়। এই সময় পর্যন্ত ডিএসইতে ২৪২টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছিল। এর মধ্যে ২২৭টিরই দরপতন হয়।