দরপতন দিয়ে বছরের শেষ সপ্তাহ শুরু
দরপতনের মধ্য দিয়ে শুরু হলো চলতি বছরের শেষ সপ্তাহের শেয়ারবাজারের লেনদেন। দেশের দুই স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার তালিকাভুক্ত বেশির ভাগ শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। তবে দরপতনের এ প্রবণতা মূল্যসূচকে খুব বড় ধরনের প্রভাব ফেলতে পারেনি। উল্টো দুই স্টক এক্সচেঞ্জে অপেক্ষাকৃত ভালো মৌলভিত্তির কোম্পানি বা ব্লুচিপ শেয়ার নিয়ে গঠিত সূচক বেশ খানিকটা বেড়েছে। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ার কারণেই এমনটি ঘটেছে। তাঁদের মতে, ব্যাংকগুলোর হিসাব বছর সমাপ্ত হওয়াকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা এ খাতের দিকে ঝুঁকেছেন। চলতি বছর ব্যাংকিং খাতের মুনাফা ভালো হতে পারে—এ ধারণা তাঁদের মধ্যে কাজ করছে। তবে সামগ্রিকভাবে বাজারে তারল্য ঘাটতি থাকায় অন্যান্য খাতের শেয়ারের বিক্রির চাপ ছিল বেশি। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল পর্যন্ত শেয়ারবাজারের ঋণদাতা প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের চাহিদামতো ঋণসুবিধা দিতে পারেনি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বেঁধে দেওয়া ঋণসীমা অনুযায়ী, ঋণদাতা প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের সর্বোচ্চ ১: ১ দশমিক ৫ হারে ঋণসুবিধা দেওয়ার কথা। হাতে গোনা দু-একটি প্রতিষ্ঠান ছাড়া এ হারে সুবিধা দিতে পারেনি কেউ। কারণ হিসেবে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, মুদ্রাবাজারে বর্তমানে বেশ তারল্য সংকট রয়েছে, যার প্রভাব শেয়ারবাজারেও পড়েছে। এ ছাড়া শেয়ারে বিনিয়োগের ব্যাপারে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিধিনিষেধ এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্যাংকের অঙ্গ ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী একটি ব্যাংক কোনো গ্রাহককে এককভাবে তার পরিশোধিত মূলধন ও মজুদ তহবিলের মোট পরিমাণের ১৫ শতাংশের বেশি ঋণ দিতে পারে না। নিয়মটি আগে খুব কঠোরভাবে অনুসরণ করা না হলেও সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাপারে নজরদারি বাড়িয়েছে। ফলে মূল ব্যাংক থেকে সহযোগী মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউসগুলো গ্রাহকদের ঋণের চাহিদা অনুযায়ী অর্থ পাচ্ছে না। এ সমস্যা না মিটলে খুব শিগগিরই বাজারে ঋণের জোগানও বাড়বে বলে মনে হয় না। অপর একটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বর্তমানে আমরা যে হারে ঋণসুবিধা দিচ্ছি, তার পরিমাণ ১০ পয়সা বাড়াতে হলে শত কোটি টাকার বেশি প্রয়োজন। বাড়তি এই টাকার জন্য প্রতিদিনই ব্যাংকের কাছে ধরনা দিচ্ছি। কিন্তু ব্যাংক এ মুহূর্তে টাকা দিতে অপারগতা প্রকাশ করছে। কারণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর হাতে বর্তমানে নগদ টাকার বেশ সংকট রয়েছে।’ তবে নতুন বছরের শুরুতে এই সংকট কেটে যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বাজার পরিস্থিতি: মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল শেয়ারবাজারের লেনদেন শুরু হয়েছিল। কিন্তু প্রথম ১০ মিনিটের মধ্যেই দাম হারাতে থাকে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার। এর প্রভাবে সূচকও নিম্নমুখী হতে থাকে। একপর্যায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৪৭ পয়েন্ট কমে যায়। দিন শেষে তা অনেকটাই পুনরুদ্ধার হয়। শেষ পর্যন্ত ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্টের মতো কমে আট হাজার ৯৬ পয়েন্টে গিয়ে থামে। তবে ব্লুচিপ বলে খ্যাত ডিএসই-২০ সূচক ১৬৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১২৪ পয়েন্ট হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১৫০ পয়েন্ট কমে হয়েছে ২৩ হাজার ৭৯ পয়েন্ট। এই স্টক এক্সচেঞ্জটিতেও সিএসই-৩০ সূচক ৪৪৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৪৫ পয়েন্ট ছাড়িয়েছে। চার ঘণ্টার লেনদেন সময়ে দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের ব্যাপক উত্থান-পতন ছিল চোখে পড়ার মতো।ডিএসইতে গতকাল ২৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৬টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৪৬টির আর অপরিবর্তিত ছিল দুটির দাম। দাম বাড়া ৪৬ কোম্পানির মধ্যে ২৮টিই ছিল ব্যাংকিং খাতের। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল মোট এক হাজার ৫২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, আগের দিনের চেয়ে যা ১৮০ কোটি টাকা বেশি। সিএসইতে লেনদেন হয়েছে ১৮৮টি কোম্পানির শেয়ার। এর মধ্যে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত ছিল চারটি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হওয়া শেয়ারের মোট মূল্য ১৫৭ কোটি টাকা।