দরপতন দিয়ে শুরু আরেকটি সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপতন দিয়ে দেশের শেয়ারবাজারে নতুন আরেকটি সপ্তাহের লেনদেন শুরু হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিনশেষে ৫০ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ১৩২ পয়েন্ট। সূচক কমলেও দুই বাজারেই গতকাল লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। মূল্যসূচকের পতন দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথম ১০ মিনিটের মধ্যেই সূচক আবার ঊর্ধ্বমুখী হয়। কিন্তু সেই ধারাও স্থায়ী হয়নি। এভাবে লেনদেনের প্রথম ঘণ্টায় বেশ কয়েকবার সূচকের ওঠানামা চলে। বেলা সোয়া ১২টার পর সূচক ক্রমাগত নিম্নমুখী হতে শুরু করে, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। তবে সূচকের পতনের গতিটা ছিল কিছুটা মন্থর। বাজার পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের দৈনিক বাজার প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ শুরু করেছে। অনেকগুলো কোম্পানির অর্ধবার্ষিক আর্থিক হিসাবে আগের চেয়ে আয় কম দেখানো হয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়। এর প্রভাবে অনেকের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা বেড়ে যায়।আইডিএলসির প্রতিবেদন অনুযায়ী, গতকালের বাজারে দরপতনের দিক থেকে শীর্ষে ছিল ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এ খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সোয়া দুই শতাংশ দরপতন ঘটেছে। আর বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর পৌনে দুই শতাংশ দরপতন হয়েছে। ঢাকার বাজারে গতকাল ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৯টিরই দাম কমেছে, বেড়েছে ৭১টির আর অপরিবর্তিত ছিল ২৫টির দাম। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে চার হাজার ২৩৫ পয়েন্টে। রোববার ঢাকার বাজারে ২৬১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে গতকাল ১৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৬টিরই দাম কমেছে, বেড়েছে ৪৫টির আর অপরিবর্তিত ছিল ১০টির দাম। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৮৬৯ পয়েন্টে। গতকাল সিএসইতে প্রায় ৩৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি।