দরপতন দিয়ে শেষ হলো সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল বৃহস্পতিবার দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ৩২ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ১২৫ পয়েন্ট। একই সঙ্গে দুই বাজারে লেনদেনের পরিমাণও কমেছে।শেয়ারের অভিহিত মূল্য বা ফেসভ্যালু পরিবর্তনের জন্য মালিকানা নির্ধারণের (রেকর্ড ডেট) কারণে আজ দুই শেয়ারবাজারেই শতাধিক কোম্পানির লেনদেন বন্ধ ছিল। এটিই ছিল এ দিন লেনদেন কমার অন্যতম কারণ।যেসব কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০০ ও এক টাকা, সেই রকম প্রায় ১৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন গতকাল স্থগিত ছিল। এই সবগুলো কোম্পানিরই অভিহিত মূল্য আগামী রোববার থেকে ১০ টাকায় পরিণত হবে। এর ফলে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য এক ও অভিন্ন রূপ নেবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সিদ্ধান্তে এটি কার্যকর হতে যাচ্ছে। মালিকানা নির্ধারণী তারিখের কারণে ১৩৮টি কোম্পানির লেনদেন বন্ধ থাকায় গতকাল ঢাকার বাজারে লেনদেন হয়েছে ১২৮টি কোম্পানির, যেসব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। শতাধিক কোম্পানির লেনদেন বন্ধ থাকার বিষয়টি বিনিয়োগকারীদের আগেই জানানো হয়।যোগাযোগ করা হলে ডিএসইর সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, অনেকগুলো কোম্পানির লেনদেন বন্ধ থাকায় তা বাজারের স্বাভাবিক লেনদেনে কিছুটা ছন্দপতন ঘটিয়েছে। কিছুটা মুনাফা তুলে নেওয়ার চাপও ছিল বাজারে। উত্থান-পতনের মধ্য দিয়ে বাজার ধীরে ধীরে স্বাভাবিক রূপ নেবে।শাকিল রিজভী আরও বলেন, ‘প্রায় ১৩৮ কোম্পানির লেনদেন বন্ধ থাকার পরও গতকাল দিন শেষে যে পরিমাণ লেনদেন দাঁড়িয়েছে, তা খুবই আশাব্যঞ্জক। সব মিলিয়ে বাজার নিয়ে আমি আশাবাদী।’গতকাল ডিএসইতে ১২৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৯৬টিরই দাম কমেছে, বেড়েছে ২২টির আর অপরিবর্তিত ছিল ১০টির দাম। দিন শেষে ডিএসইর লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১২৩ কোটি টাকা কম। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৩৭ পয়েন্টে।সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭৯ পয়েন্টে। এই দিন চট্টগ্রামের বাজারে ১০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৮০টিরই দাম কমেছে, বেড়েছে ১৯টির আর অপরিবর্তিত ছিল চারটির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় নয় কোটি টাকা কম।