দরপতন দিয়ে সপ্তাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে দরপতন ঘটেছে। এর ফলে দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক কমার পাশাপাশি কমেছে বেশির ভাগ শেয়ারের দাম ও লেনদেন। এ নিয়ে টানা চার দিন পুঁজিবাজারে দরপতন ঘটল।বিশ্লেষকেরা বলছেন, শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে সরকারের নেওয়া পদক্ষেপ সেভাবে কাজে আসছে না। গতকালও রাষ্ট্রায়ত্ত চারটি প্রতিষ্ঠানকে শেয়ার কেনার নির্দেশ দেয় সরকার। তবে এর তেমন কোনো প্রভাব পড়েনি বাজারে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সাধারণ সূচক ৩৩৭ দশমিক ৫৮ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪৬৩ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়ায়। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ছয়টির এবং কমেছে ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকাল ডিএসইতে ৫০১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৫৮ কোটি টাকা কম।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৬২০ দশমিক ৬৩ পয়েন্ট বা পাঁচ দশমিক ৬৩ শতাংশ কমে ১৫ হাজার ৪১০ দশমিক ০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে মাত্র তিনটির এবং কমেছে ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া সিএসইতে মোট ৭৬ কোটি টাকার লেনদেন হয়েছে।