দরপতন দিয়েই শেষ হলো সপ্তাহ
দরপতন দিয়েই আরেকটি সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জেই দরপতন ঘটেছে। এর ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক নেমে এসেছে চার হাজার ১০০ পয়েন্টের নিচে। গত ১৭ জুলাইয়ের পর এটিই ছিল ডিএসইর সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান। ডিএসইর সাধারণ সূচক গতকাল দিনের শেষে প্রায় ২০ পয়েন্ট কমে নেমে এসেছে প্রায় চার হাজার ৯৯ পয়েন্টে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকও গতকাল দিনের শেষে সাড়ে ১২ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ১২৯ পয়েন্ট বা এক শতাংশ। সূচক কমলেও দুই বাজারে লেনদেনের পরিমাণ খানিকটা বেড়েছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গতকালের দরপতনের ফলে সূচক চার হাজার ১০০ পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে গেছে। বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের ঘাটতি এবং ঈদকে সামনে রেখে বিনিয়োগকারীদের মধ্যে টাকা তুলে নেওয়ার প্রবণতা বেড়ে যাওয়াকে এই দরপতনের কারণ বলে মনে করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি ব্যাংকিং খাতের ধারাবাহিক দরপতনকেও অন্যতম কারণ বলে মনে করেন তাঁরা। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সূচকের উত্থান-পতনের ক্ষেত্রে ব্যাংকিং খাতের শেয়ারের দামের বড় প্রভাব রয়েছে। বাজার পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, টানা দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের ঝুঁকি দেখা দিয়েছে। এ কারণে অনেকেই ঝুঁকিমুক্ত হতে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। পাশাপাশি ঈদকে সামনে রেখে বাজারে তেমন কোনো নতুন বিনিয়োগও আসছে না। আইডিএলসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল তালিকাভুক্ত খাতভিত্তিক কোম্পানির মধ্যে দরপতনে শীর্ষে ছিল ব্যাংকিং খাত। দিনের শেষে এ খাতের কোম্পানিগুলোর প্রায় এক দশমিক ৪০ শতাংশ দরপতন হয়েছে। এরপর দরপতনের শীর্ষে ছিল যথাক্রমে টেলিকম ও বস্ত্র খাত।মূল্যসূচকের ঊধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ৩০ মিনিটের মধ্যেই ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩২ পয়েন্ট বেড়ে যায়। এরপরই পতন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ঢাকার বাজারে গতকাল ২৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪২টির দাম বেড়েছে, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত ছিল ২২টির দাম। দিনের শেষে ডিএসইতে প্রায় ২১০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা বেশি।চট্টগ্রামের বাজারে গতকাল ১৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯০টিরই দাম কমেছে, বেড়েছে ৭৭টির আর অপরিবর্তিত ছিল ২০টির দাম। দিনের শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৪০৩ পয়েন্টে। এদিন সিএসইতে প্রায় ২৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি।