দরপতন-বিক্ষোভ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ রোববারও দরপতন হয়েছে। দুটি স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম কমায় সূচকের পতন হয়েছে। আর দরপতন অব্যাহত থাকায় এর প্রতিবাদে আজও মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত সপ্তাহের ধারাবাহিকতায় আজও দিনের শুরু থেকেই ডিএসইতে নিম্নমুখী অবস্থা চলতে থাকলে বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেলা পৌনে একটার দিকে বিক্ষোভ আরম্ভ হয়।এসময় তাঁরা বরাবরের মত অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এসইসির চেয়ারম্যান ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভের এক পর্যায়ে ডিএসইর সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করছিলেন। যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮৫ পয়েন্ট কমে ৪৮৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের পতনের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন আরম্ভ হয়- যা সারাদিনই অব্যাহত থাকে। ডিএসইতে আজ ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৬টিরই দাম কমেছে। বেড়েছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২০৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হল, বেক্সিমকো, যমুনা অয়েল, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন, উত্তরা ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউসিবিএল, সিটি ব্যাংক ও আরএন স্পিনিং।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ২২০ পয়েন্ট কমে ১৩৮৭৮ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৮টিরই দাম কমেছে। বেড়েছে ১৯টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা কম।