দরপতন হলেও লেনদেন কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারের মূল্যসূচক গতকাল সোমবারও কমেছে। এ নিয়ে তিন দিন ধরে শেয়ারবাজারের সূচক নিম্নমুখী রয়েছে। একটু একটু করেই টানা তিন দিন ধরে সূচকের এই পতন ঘটেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ৩১ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ৯৯ পয়েন্ট। এর আগের দুই কার্যদিবসে ঢাকার বাজারে সাধারণ সূচক যথাক্রমে ৩১ ও ৪৫ পয়েন্ট করে কমেছিল। একই সময় সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছিল যথাক্রমে ১৩৮ ও ৮৬ পয়েন্ট। মূল্যসূচক কমলেও সোমবার দিনশেষে দুই বাজারে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাজারের এই আচরণে বিনিয়োগকারীদের ভীত হওয়ার কিছু নেই। এমনকি মূল্যসূচকের পতনে অস্বাভাবিকতাও নেই। এখনো যেহেতু বিনিয়োগকারীরা পুরোপুরি আস্থাশীল হতে পারেননি, তাই বাজারে আস্থাহীনতার প্রভাব রয়ে গেছে। তাই দাম সামান্য বাড়লেই বিনিয়োগকারীদের একটি অংশ শেয়ার বিক্রি করে দিয়ে মুনাফা তুলে নিচ্ছে। এদিকে গতকালের বাজার পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের গবেষণা বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ডিএসইর তদারকব্যবস্থা বাড়ানোর কারণে বাজারে আগ্রাসী শেয়ার বিক্রির প্রবণতা কমে গেছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, গতকালের বাজারে দরপতনে এগিয়ে ছিল ওষুধ ও ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানিগুলোর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ২০ মিনিট ছিল এই ঊর্ধ্বগতি। এরপর সূচক কমতে থাকে, যা লেনদেনের শেষ সময় পর্যন্ত ছিল অব্যাহত। যদিও মাঝে কয়েক দফা সূচক কমার গতি মন্থর হয়। দিন শেষে সোমবার ডিএসইর সাধারণ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ১৮৪ পয়েন্টে। ডিএসইতে গতকাল ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩০টিরই দাম কমেছে, বেড়েছে ৯৪টির আর অপরিবর্তিত ছিল ২৯টি কোম্পানির শেয়ারের দাম। ঢাকার বাজারে গতকাল ২২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা বেশি। সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৫ পয়েন্টে। গতকাল চট্টগ্রামের বাজারে ১৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯৮টিরই দাম কমেছে, বেড়েছে ৬২টির আর অপরিবর্তিত ছিল ১০টির দাম। সিএসইতে এ দিন প্রায় ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের প্রায় সমপরিমাণ। এদিকে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের ব্যাংক ও শেয়ারবাজারে যাবতীয় লেনদেন বন্ধ থাকবে। আগামীকাল বুধবার যথারীতি লেনদেন চলবে।