দরপতনে আতঙ্কিত না হওয়ার পরামর্শ এসইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে দরপতনে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার দুপুরে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, কয়েক দিন ধরে পুঁজিবাজারে দরপতন চলছে। এতে অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এর মাধ্যমে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, ‘এসইসি গভীরভাবে বাজার পর্যবেক্ষণ করছে।’ সাইফুর রহমান আরও বলেন, সরকার ও এসইসি একটি স্থিতিশীল ও শক্তিশালী পুঁজিবাজার দেখতে চায়।এদিকে ‘পুঁজিবাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে তাই বাজার পড়ে যাবে’ গত কয়েক দিন ধরে বাজারে এমন গুজব ছড়িয়ে পড়েছিল। বাজারে যার নেতিবাচক প্রভাব পড়ে। এ ব্যাপারে সাইফুর রহমান বলেন, কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নতুন কোনো ঘটনা নয়। পুঁজিবাজার তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে এসইসির ধারাবাহিক কাজের অংশ। এর ফলে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার কোনো কারণ নেই।মামলা সম্পর্কে সাইফুর রহমান বলেন, কমিশনের গত সভায় কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষ করে শিগগিরই মামলা দায়ের করা হবে।