দরপতনে আবারও বিক্ষোভ, দুই ক্যামেরাম্যান লাঞ্ছিত
দেশের শেয়ারবাজারে আজও দরপতন হয়েছে। আর অব্যাহত এ দরপতনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছেন বিনিয়োগকারীরা। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ ও মিছিল করেছেন তাঁরা। বিক্ষোভ চলাকালে দুটি বেসরকারি টিভি চ্যানেলের দুজন ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করা হয়েছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্প্রতি তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর অর্ধবার্ষিক হিসাব বিবরণী প্রকাশ করলেও তাদের ঘোষণা আশাব্যঞ্জক না হওয়ায় বাজারে এর প্রভাব পড়ছে। এ ছাড়া বাজার ভালো করার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলেও মনে করছেন অনেকে।তবে বিনিয়োগকারীরা বলছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারসাজির মাধ্যমে বাজারে দরপতন ঘটানো হচ্ছে। এর ফলে কিছু লোক সুযোগ নিচ্ছেন। সাধারণ বিনিয়োগকারীরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সাত কর্মদিবস দরপতনের গতকাল বাজারের চাঙাভাব থাকলেও এক দিন পরই আজ শুরু থেকে দরপতন হয় শেয়ারবাজারে। এরই ধারাবাহিকতায় বেলা সোয়া একটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২০ পয়েন্টের বেশি পড়ে গেলে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। প্রথমে তাঁরা ডিএসইর সামনে বিক্ষোভ করলেও পরে মিছিল বের করেন। মিছিলটি ডিএসইর সামনে থেকে শুরু হয়ে মতিঝিলের শাপলা চত্বর প্রদক্ষিণ করে আবারও ডিএসইর সামনে গিয়ে শেষ হয়।এ সময় বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডিএসইর সভাপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।বিক্ষোভ চলাকালে বেলা পৌনে দুইটার দিকে মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বেলা দুইটার পর যান চলাচল স্বাভাবিক হয়।এ দিকে বিক্ষোভের ভিডিওচিত্র ধারণ করতে গিয়ে বেসরকারি চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান শাফিন আহমেদ ও মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাম্যান হাবিব বিনিয়োগকারীদের রোষের শিকার হন। বিনিয়োগকারীরা এই দুজনকে মারধর করে লাঞ্ছিত করেন। এ সময় সেখানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের কর্মী (ক্যামেরাম্যান ও সাংবাদিকেরা) এ ঘটনার প্রতিবাদ জানালে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়।বাজার পরিস্থিতি: আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ২.০২ শতাংশ অর্থাত্ ১২৯.৪৩ পয়েন্ট কমে ৬,২৫৯.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১২টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৬১৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, কেয়া কসমেটিকস, মালেক স্পিনিং, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, গ্রামীণফোন, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, এমআই সিমেন্ট, এনবিএল ও ম্যাকসন স্পিনিং।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১.৬৪ শতাংশ অর্থাত্ ২৯৭.৪৯ পয়েন্ট কমে ১৭৮১৬.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে হাতবদল হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ১৬টির, কমেছে ১৬৫টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭৭ কোটি টাকা লেনদেন হয়েছে।