দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে দুই বাজারেই প্রায় সব কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এর ফলে সূচকেরও পতন লক্ষ করা গেছে।টানা তিন দিন বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকায় আজ অনেক বিনিয়োগকারী প্রফিট তুলে নেওয়ায় বাজারে স্বাভাবিক দরপতন হয়েছে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১৩.৩১ পয়েন্ট কমে ৪১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ২৮ পয়েন্ট কমে যায়। পরের পাঁচ মিনিটে সূচক বাড়ে ২২ পয়েন্ট। এরপর আবার সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪১টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১৫টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৩৭ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫৪ কোটি টাকার কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো এনবিএল, গ্রামীণফোন, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, ইউসিবিএল, সোস্যাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আরএন স্পিনিং, ওয়ান ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৫৫.২২ পয়েন্ট কমে ১২১৩৯.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৬টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১২টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৬ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১ কোটি টাকার কম।