টানা দুই দিন ঊর্ধ্বগামী থাকার পর আবারও দরপতনে শেষ হলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের শেষ দিনের লেনদেন। আজ বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত ওঠানামা চললেও সূচকের তির ঊর্ধ্বমুখীই ছিল। দুইটার পর থেকে সূচক গতকালের চেয়ে কমে যেতে থাকে, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। একই সঙ্গে কমে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ও সূচক, তবে বাড়ে লেনদেনের পরিমাণ।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৬ পয়েন্ট কমে ৪,১৬৬ পয়েন্টে দাঁড়ায়।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে গেলেও ১৫ মিনিটে নিম্নমুখী হয়ে গতকালের চেয়ে ২১ পয়েন্ট কমে যায়। ঊর্ধ্বগামী হয়ে আধা ঘণ্টায় সূচক আবারও বেড়ে যায় ২৬ পয়েন্ট। এক ঘণ্টায় বাড়ে ৭২ পয়েন্ট। বেলা ১১টা ৫৫ মিনিটে সূচক বাড়ার হার সর্বোচ্চ ৮৯ পয়েন্ট ছিল। দুই ঘণ্টায় সূচক বাড়ার হার ছিল ৪৮ পয়েন্ট। এরপর ওঠানামা করতে করতে সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয় লেনদেন।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বাড়ে। কমে ১৪৬টির আর অপরিবর্তিত ছিল ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৮১ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে প্রায় ৭৭ কোটি টাকা বেশি।সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লি., গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম লি., বেক্সিমকো, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, লংকাবাংলা ফিন্যান্স, তিতাস গ্যাস, জিপিএইচ ইস্পাত ও এমআই সিমেন্ট।