দরপতনে শেষ হলো সপ্তাহের প্রথম দিনের লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপতনে শেষ হলো সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ারবাজারের লেনদেন। আজ রোববার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির দরপতন হয়েছে। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে ১.৬৮ শতাংশ সূচকের পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১.৭৮ শতাংশ। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৫ পয়েন্ট কমে ৪৪০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক ২১ পয়েন্ট বাড়লেও এর পর থেকে নিম্নমুখী প্রবণতা শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূচক কমার হারও বাড়তে থাকে। সূচক কমার এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৮টিরই দাম কমেছে। বেড়েছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিন শেষে স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন দাঁড়িয়েছে ৩১৬ কোটি টাকা, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২৪ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, তাল্লু স্পিনিং, আরএন স্পিনিং, আফতাব অটো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, নাভানা সিএনজি, ইউনিক হোটেল ও বিএসসিসিএল প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৪৪ পয়েন্ট কমে ১৩৪৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫১টিরই দাম কমেছে, বেড়েছে ২৯টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা কম।