দরপতনে হতাশ বিনিয়োগকারীরা
ক্রমাগত দরপতন এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার (এসইসি) সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তাঁরা এগুলোর মধ্যে চলতি মাসে তিনটি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাজারে ছাড়া, অমনিবাস হিসাব বন্ধ করা, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের ২০ শতাংশ আইপিও কোটায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বঞ্চিত করাকে চিহ্নিত করেছেন।ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের প্রথম আলোকে বলেন, বাজার-পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সমন্বয়ে এসইসিকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।জানা গেছে, নভেম্বর মাসে চারটি আইপিও বাজারে ছাড়ার কথা ছিল। এর মধ্যে সানলাইফ ইনস্যুরেন্স ও সামিট পূর্বাঞ্চলের চাঁদা গ্রহণ সম্পন্ন হয়েছে। অরগান ডেনিমসের চাঁদা গ্রহণ ২৬ নভেম্বর থেকে। তবে প্রিমিয়াম সিমেন্টের জন্য ১৮ নভেম্বর চাঁদা গ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে ডিসেম্বরে নিয়ে যাওয়া হয়েছে।মূলত গত কোরবানির ঈদের পর থেকে অব্যাহত দরপতনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েছেন। গতকাল সোমবার চটগ্রাম নগরের বিভিন্ন ব্রোকারেজ হাউসে গিয়ে কথা বলে তাঁদের এই হতাশা ও উদ্বেগের বিষয়টি জানা যায়। এদিকে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের আইপিওতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বঞ্চিত করা প্রসঙ্গে আইসিবি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. হাকিম উদ্দিন বলেন, ‘আইপিওতে ২০ শতাংশ সংরক্ষিত কোটার কথা বলে বিনিয়োগকারীদের প্রতারিত করা হচ্ছে। আমরা এর প্রতিকার চেয়ে ৪ নভেম্বর এসইসি, ডিএসই ও সিএসইতে আবেদন করেছি। কিন্তু এখনো এর কোনো সুরাহা হয়নি।’