দরপতনেও লেনদেনে প্রাধান্য বেক্সিমকোর
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে ব্যাংকিং খাতের প্রাধান্য কিছুটা কমে এসেছে। তার বিপরীতে বস্ত্র ও বিবিধ খাতের প্রাধান্য কিছুটা বেড়েছে। তবে বিবিধ খাতের সাতটি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২৫ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৩ শতাংশ। এই ২৫ কোটি টাকার লেনদেনের মধ্যে আবার ২৪ কোটি ৫৪ লাখের বেশি ছিল শুধু বেক্সিমকোর। গত বুধবার থেকে হঠাৎ করেই লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি। সেই অবস্থান গতকালও বজায় ছিল। বাজারে বেশির ভাগ কোম্পানির দরপতন ঘটলেও এ দিন বেক্সিমকোর প্রতিটি শেয়ারের দাম বেড়েছে দুই টাকা ৯০ পয়সা। একক কোম্পানি হিসেবে বেক্সিমকো ছিল ডিএসইর লেনদেনের শীর্ষে। মোট লেনদেনের প্রায় সাড়ে ১২ শতাংশই ছিল এ কোম্পানিটির।হঠাৎ করে কোম্পানিটির মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে জানা গেছে, কোম্পানিটিকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে একটি গুজব রয়েছে। আর সেটি হলো: কোম্পানিটি শিগগিরই বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বড় ধরনের চুক্তি করতে যাচ্ছে। কিন্তু রোববার দিন শেষে এ ধরনের গুজবের কোনো সত্যতা পাওয়া যায়নি। এই ধরনের চুক্তি হলে সেটি হবে মূল্য সংবেদনশীল তথ্য। নিয়ম অনুযায়ী যা নিয়ন্ত্রক সংস্থাকে জানাতে হয়। দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও প্রকাশ করতে হয়। অথচ সে ধরনের কোনো তথ্যই কারও কাছে নেই। এদিকে ঢাকার বাজারে কয়েক দিন আগেও যেখানে লেনদেনের এক-তৃতীয়াংশ ছিল ব্যাংক খাতের দখলে, গতকাল রোববার সপ্তাহের শেষদিনে সেটি নেমে এসেছে ২০ শতাংশের নিচে। ডিএসইতে এ দিন ব্যাংকিং খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৯ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২০ শতাংশ। লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে ২৪টিরই দরপতন ঘটেছে। কসমোপলিটন ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ব্যাংক এশিয়া ও ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দরপতনই পুরো খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। গতকাল ঢাকার বাজারে ব্যাংকিং খাতের শেয়ারের দাম প্রায় ১ শতাংশ কমেছে। আর এ কারণে ডিএসইর সাধারণ মূল্যসূচক পড়েছে প্রায় দশমিক ৩০ শতাংশ। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক কমেছে শূন্য দশমিক ৭২ শতাংশ। বাজারের দরপতনের জন্য তাই ব্যাংকিং খাতের দরপতনকেই বড় কারণ বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। এদিকে লেনদেনে ব্যাংকিং খাতের প্রভাব কমার পাশাপাশি বস্ত্র ও বিবিধ খাতের অংশগ্রহণ বেড়েছে। ডিএসইতে বস্ত্র খাতের ২৭টি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৬ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৩ দশমিক ৪৩ শতাংশ। ঢাকার বাজারে ২৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৯৮টিরই দাম কমেছে, বেড়েছে ৪৪টির আর অপরিবর্তিত ছিল ২১টির দাম। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১৯৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২৯ কোটি টাকা কম। ডিএসইর সাধারণ সূচক এ দিন ৩০ পয়েন্ট কমে নেমে এসেছে প্রায় চার হাজার ১৪৫ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১১০ পয়েন্ট কমে নেমে এসেছে প্রায় ১২ হাজার ৬২৫ পয়েন্টে। সেখানকার বাজারে ১৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৪টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ২২টির আর অপরিবর্তিত ছিল পাঁচটির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫১ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে আট কোটি টাকা কম।