দরপতনের আরেকটি সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপতনের আরও একটি সপ্তাহ পার করল দেশের শেয়ারবাজার। সপ্তাহ শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব কটি সূচক বাড়লেও কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম। গত সপ্তাহজুড়ে ঢাকার বাজারে ২৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৯টিরই দাম কমেছে, বেড়েছে ১২১টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দাম। বেশির ভাগ শেয়ারের দাম কমলেও সূচক ও লেনদেন সামান্য বেড়েছে। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ সূচক আগের সপ্তাহের চেয়ে প্রায় দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৬৭ পয়েন্টে। ডিএসইর তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসই সূচক কমেছে। আর দুই দিন সূচক বেড়েছে। দুই দিনের ঊর্ধ্বগতির ফলে সপ্তাহ শেষে সূচক চার হাজার পয়েন্টের ওপরে উঠে এসেছে। গত সপ্তাহের বুধবার বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। মুদ্রানীতি ঘোষণার পরপরই বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা ঘোষিত মুদ্রানীতিকে পুঁজিবাজারবান্ধব বলে অভিহিত করায় ওই দিন বাজারে তার ইতিবাচক প্রভাব পড়ে। তবে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে বাজারে দরপতন ঘটেছে। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, মুনাফা তুলে নেওয়ার চাপে বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বাজার এখনো তার নিজস্ব ধারায় চলছে না। বাজার স্বাভাবিক ধারায় ফিরে না আসা পর্যন্ত এটির শক্তি সম্পর্কে মন্তব্য করা দুরূহ।’ হেলালউদ্দিন আরও বলেন, ‘এ কথা ঠিক মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণপ্রবাহ কিছুটা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়লে সেই টাকা যে শেয়ারবাজারে চলে আসবে এটার কোনো নিশ্চয়তা নেই। যতক্ষণ পর্যন্ত বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা না বাড়বে ততক্ষণ তারল্য পরিস্থিতিরও খুব একটা উন্নতি হবে বলে আমি মনে করি না।’ দু-এক দিনের বা এক সপ্তাহের সূচকের উত্থান-পতন দিয়ে বাজারের সঠিক গতিপ্রকৃতি নির্ণয় সম্ভব না উল্লেখ করে হেলালউদ্দিন আরও বলেন, এ ক্ষেত্রে সঠিক নির্ণায়ক হচ্ছে লেনদেনের পরিমাণ। লেনদেন বৃদ্ধি না হওয়া পর্যন্ত বাজারের আচরণে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। গত সপ্তাহ শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮৬৮ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় দুই শতাংশ বা প্রায় ১৫ কোটি টাকা বেশি। সপ্তাহ শেষে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় তিন কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ কোটি টাকায়। একই সঙ্গে বাজারের মূল্য আয় অনুপাতের গড় ভারিত্ব বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৭৯-এ।