দরপতনের ধারাতেই ঘুরপাক শেয়ারবাজারের
দরপতনের ধারা থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। গতকাল মঙ্গলবার সাধারণ মূল্যসূচক কিছুটা বাড়লেও আজ বুধবার দুই বাজারেই দরপতন ঘটেছে। লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমায় সূচকও কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯৪.৪৩ পয়েন্ট কমে ৫৯৬০.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।লেনদেনের শুরুতে সূচক ৩৮ পয়েন্ট বাড়ে। এরপর কয়েকবার সূচক ওঠানামা করে। তবে দুপুর সাড়ে ১২টার পর থেকে সূচক দ্রুত কমতে শুরু করে। সূচক কমার এই ধারা লেনদেনের শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। বেড়েছে মাত্র ২৫টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৩৭৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২০ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, মালেক স্পিনিং, যমুনা অয়েল, গ্রামীণফোন, তিতাস গ্যাস, গোল্ডেন সন, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, এমআই সিমেন্ট ও সিএমসি কামাল।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৪৭.০৯ পয়েন্ট কমে ১৬৮৮১.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টিরই দাম কমেছে। বেড়েছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম।