দরপতনের ধারায় লেনদেন নিম্নমুখী
পাঁচ কার্যদিবস পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও দেড় শ কোটি টাকার নিচে নেমে এসেছে। সেই সঙ্গে অব্যাহত ছিল দরপতনের ধারা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার ডিএসইর সাধারণ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় তিন হাজার ৬৬১ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৫ পয়েন্ট কমে নেমে এসেছে ১০ হাজার ৯৩৫ পয়েন্টে। সেখানকার বাজারে আট কার্যদিবস পর লেনদেন আবারও ২০ কোটির নিচে নেমে এসেছে। মূল্যসূচকের পতন দিয়ে ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। দিনভর সূচকের উত্থান-পতন চলে। তবে এই উত্থান-পতনের মধ্যকার ব্যবধান খুব বেশি ছিল না। এদিকে গত রোববার হঠাৎ করে লেনদেনের শীর্ষে উঠে আসা প্রকৌশল খাতটি গতকাল শীর্ষ অবস্থান হারিয়ে নেমে এসেছে তৃতীয় অবস্থানে। এদিন লেনদেনের শীর্ষে উঠে আসে বস্ত্র খাত। এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২০ শতাংশ। বস্ত্র খাতের সম্মিলিত লেনদেনের মধ্যে আরএন স্পিনিংয়ের একক লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি টাকা। এ কারণে একক কোম্পানি হিসেবে এটি শীর্ষে ছিল। ডিএসইর মোট লেনদেনের প্রায় ৮ শতাংশই এককভাবে ছিল আরএন স্পিনিংয়ের। ঢাকার বাজারে গতকাল খাতভিত্তিক লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ খাত। এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৩ শতাংশ। কসমোপলিটন ফিন্যান্সের তথ্য অনুযায়ী, গতকাল ডিএসইর সূচকে ইতিবাচক প্রভাব রাখা কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে প্রাইম ব্যাংক, বার্জার পেইন্টস, আরএন স্পিনিং, বিএটিবিসি, এসিআই ফরমুলেশন। আর সূচকে নেতিবাচক প্রভাব ফেলেছে এমন কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে গ্রামীণফোন, ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, সামিট পাওয়ার ও মবিল যমুনা লুব্রিকেন্টস। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা এখন পুঁজিবাজারকে চরমভাবে প্রভাবিত করছে। রাজনৈতিক এক অনিশ্চয়তার কারণে বাজারে নতুন করে বিনিয়োগ আসছে না। ফলে দরপতন অব্যাহত রয়েছে। ঢাকার বাজারে গতকাল ২৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৮টি কোম্পানির শেয়ারেরই দাম কমেছে, বেড়েছে ১০২টির আর অপরিবর্তিত ছিল ৩০টির শেয়ারের দাম। নতুন সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় তিন হাজার ৫১৬ পয়েন্টে। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১৩৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪৫ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে এদিন ১৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২২টি কোম্পানির শেয়ারেরই দাম কমেছে, বেড়েছে ৪৩টির আর অপরিবর্তিত ছিল ২৫টির শেয়ারের দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম।