দরপতনের ধারায় শেয়ারবাজার
দুই দিন কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চললেও আজ বৃহস্পতিবার আবার দরপতনের ধারায় দেশের শেয়ারবাজার। আজ শুরু থেকেই নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলে দুই বাজারে। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকের বড় পতন লক্ষ করা গেছে। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এ কারণে নতুন করে কেউ বিনিয়োগে আসতে চাচ্ছেন না। বিনিয়োগকারীরা সাইডলাইনে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এর ফলে বাজারে নেতিবাচক প্রবণতা বিরাজ করছে।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলো ডটকমকে বলেন, বাজারের বর্তমান মন্দা অবস্থার প্রধান কারণ রাজনৈতিক অস্থিরতা। তিনি বলেন, কোনো লোক বিনিয়োগ করতে গিয়ে প্রথমেই চিন্তা করেন তাঁর বিনিয়োগ কতটুকু নিরাপদ। যখন কেউ নিজের পুঁজি খাটানোর জন্য অনুকূল পরিবেশ না পাবেন, তখন তিনি বিনিয়োগে আসবেন না—এটাই স্বাভাবিক। তাই হাতে টাকা থাকলেও বিনিয়োগে যাচ্ছেন না তাঁরা।
প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ২৩০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৬ কোটি টাকা কম। গতকাল ডিএসইতে ২৯৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। আজ সিএসইতে ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা কম। গতকাল এই বাজারে ২৪ কোটি টাকার লেনদেন হয়।
এদিকে ডিএসইতে লেনদেন কমার পাশাপাশি সূচকও কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক সোয়া ২ শতাংশ অর্থাত্ ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৭৯৯ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ২২৫টির দাম কমেছে, বেড়েছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৭৫৮ পয়েন্টে।
আজ সিএসইতে হাতবদল হওয়া ১৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টির দাম কমেছে, বেড়েছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এদিকে ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল জেনারেশন নেক্সট ফ্যাশন। আজ এই প্রতিষ্ঠানের ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আরগন ডেনিমস, এনভয় টেক্সটাইল, মালেক স্পিনিং, গ্রামীণফোন, বিএসসিসিএল, জেএমআই সিরিঞ্জ, স্কয়ার ফার্মা, ইউসিবিএল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স প্রভৃতি।