দরপতনের পরদিন আবার ঊর্ধ্বমুখী
বড় ধরনের দরপতনের পরদিনই শেয়ারবাজার আবার ঊর্ধ্বমুখী হলো। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে ৩ দশমিক ৫৭ শতাংশ বা ১৭৫ পয়েন্ট বেড়েছে। একই দিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ৩ দশমিক ৪৪ শতাংশ বা ৫০০ পয়েন্ট। আগের দিন বুধবার ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ১৬৮ পয়েন্ট আর সিএসইর সার্বিক মূল্যসূচক প্রায় ৫১৫ পয়েন্ট কমেছিল।দরপতনের পরদিনই বাজারের এই ঘুরে দাঁড়ানোর অন্যতম কারণ ছিল আদালতে তালিকাভুক্ত এক কোম্পানির পরিচালকের দায়ের করা রিট প্রত্যাহারের ঘোষণা। রিট প্রত্যাহারের খবরেই ঘুরে গেল বাজারের সূচক।আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের গবেষণা প্রতিবেদনেও ‘এক পরিচালকের রিট প্রত্যাহারের’ ঘোষণাকে বাজারের ‘ইউটার্নে’র প্রধান কারণ বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্যোক্তা-পরিচালক রিট প্রত্যাহারের ঘোষণা দেন। এই খবর বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসকে চাঙা করে তোলে।জানা যায়, সকালে লেনদেন শুরুর পর ফিনিক্স ফিন্যান্সের উদ্যোক্তা-পরিচালকের রিট প্রত্যাহারের খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হতে শুরু করে। এই খবরে লেনদেন শুরুর ৪০ মিনিট পর থেকে সূচকও ঊর্ধ্বমুখী হতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একটি নির্দেশনার বিরুদ্ধে একাধিক কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা আদালতে রিট আবেদন করেন। এসব আবেদন বর্তমানে আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দেয় বলে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান; কয়েক দিন ধরে যার নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। আর রিট প্রত্যাহারের মৌখিক ঘোষণায় গতকাল বাজারে বেশ ইতিবাচক প্রভাব পড়তে দেখা যায়।ঢাকা ও চট্টগ্রামের বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানি-গুলোর মধ্যে ৯২ শতাংশেরই দাম বেড়েছে। বুধবার দুই বাজারেই লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯২ শতাংশের দাম কমেছিল।ঢাকার বাজারে গতকাল ২৫৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৩৮টির দাম বেড়েছে, কমেছে ১৫টির আর অপরিবর্তিত ছিল পাঁচটি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৭ পয়েন্টে। এর ফলে ডিএসইর সাধারণ সূচক আবারও পাঁচ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেল। দিন শেষে গতকাল ডিএসইতে প্রায় ৪২১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি টাকা বেশি।চট্টগ্রামের বাজারে গতকাল ১৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৬টির দাম বেড়েছে, কমেছে ১১টির আর অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজার ১৯ পয়েন্টে। এদিন সিএসইতে প্রায় ৬২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১৩ কোটি টাকা বেশি।