দরপতনের পরের দিন ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ধরনের দরপতনের এক দিন পর গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারে চাঙাভাব লক্ষ করা গেছে। এদিন সূচকের নিম্নগামী প্রবণতার মধ্য দিয়ে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত মূল্যসূচক ছিল ঊর্ধ্বমুখী। তবে সূচক বাড়লেও মোট লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমে গেছে। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় সূচকের উত্থান-পতনে ব্যাপক অস্থিরতা লক্ষ করা গেছে। একবার ওঠে তো, পরক্ষণেই আবার কমতে শুরু করে। সূচকের উত্থান-পতন বিশ্লেষণে দেখা গেছে, লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক ৯৫ পয়েন্ট কমে। তবে ১৫ মিনিটের দিকে তা ৪০ পয়েন্ট বেড়ে যায়। এরপর একাধিকবার ওঠানামা চললেও বেলা একটার পর থেকে সূচক দ্রুত বাড়তে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১৬০ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৪২৩ পয়েন্টে দাঁড়ায়। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৭৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারের সাম্প্রতিক কারসাজি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে বড় ও প্রভাবশালী বিনিয়োগকারীদের নাম এসেছে। ফলে তাদের বড় অংশই বাজারে খুব একটা সক্রিয় ছিল না। যেহেতু এসব ব্যক্তির লেনদেন সেকেন্ডারি বাজারকে যথেষ্ট প্রভাবিত করতে সক্ষম, সেহেতু সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে এক ধরনের শঙ্কা ভর করে। এর প্রভাবেই হয়তো আগের দিন বাজারে বড় ধরনের দরপতন লক্ষ করা গেছে।কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে প্রায় পুরো তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়ে যাওয়ায় প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে সবাই একটা ধারণা পেয়েছে। এতে অনেকের বিরুদ্ধে আইনভঙ্গের সুস্পষ্ট অভিযোগ না থাকায় তাঁরা স্বস্তির মধ্যে ছিলেন। ফলে তাঁদের অনেকেই বাজারে সক্রিয় হন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর এর প্রভাবে এক দিনের মাথায় বাজার আবার বেড়েছে।ডিএসইতে গতকাল হাতবদল হয়েছে ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ২৩০টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত ছিল মোট তিনটি প্রতিষ্ঠানের। স্টক এক্সচেঞ্জটিতে এদিন মোট ৭৯২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৩২ কোটি টাকা কম। সিএসইতে ১৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত ছিল পাঁচটি প্রতিষ্ঠানের। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল মোট ১০১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২২ কোটি টাকা কম।ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, আফতাব অটো, তিতাস গ্যাস, আরএকে সিরামিকস, বেক্সটেক্স, পিএলএফএসএল, ফু-ওয়াং সিরামিকস, ডেসকো, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট।