দরপতনের পাশাপাশি কমছে লেনদেনও
দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। টানা পাঁচ কার্যদিবস ধরে এই দরপতন চলছে। বাজেট-পরবর্তী আট কার্যদিবসের মধ্যে সাত দিনই বাজারে দরপতন ঘটেছে। মধ্যে শুধু এক দিন দুই বাজারে সূচক সামান্য বেড়েছিল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল মঙ্গলবারও ১৫ পয়েন্ট কমেছে। একই সঙ্গে লেনদেন কমে নেমে এসেছে ১৪০ কোটি টাকার ঘরে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ৯ পয়েন্ট। তবে আগের দুই দিনের তুলনায় গতকালের দরপতনের গতি তেমন তীব্র ছিল না। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। লেনদেনের অধিকাংশ সময়জুড়েই সূচকের এই গতি বজায় ছিল। কিন্তু শেষ ৩০ মিনিটের পতনে বাজারের সূচক ঋণাত্মক হয়ে যায়। অথচ লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটের মধ্যেই ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৬০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। শেষ পর্যন্ত সেটি আর ধরে রাখা যায়নি। বাজার-পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টসের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগকারীরা এখন আদালতের রায়ের প্রতীক্ষায় রয়েছেন। রায় না হওয়ায় অনেকে নতুন করে বাজারে বিনিয়োগে সাহস করছেন না। এর ফলে লেনদেনেও এক ধরনের স্থবিরতা নেমে এসেছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির বেশ কয়েকজন পরিচালক উচ্চ আদালতে রিট আবেদন করেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিটের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। দুই দিন মুলতবি থাকার পর গতকাল আবারও রিটের শুনানি শুরু হয়। অল্প কিছু সময় শুনানির পর আজ বুধবার সকাল পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার পর পর দুই দিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বাজারে গতকাল ২৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৮টি কোম্পানিরই শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৯০টির আর অপরিবর্তিত ছিল ২৪টির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে প্রায় ১৪১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২৩ কোটি টাকা কম। এদিন ডিএসইর সাধারণ সূচক কমে নেমে এসেছে চার হাজার ৪০৪ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে ১৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৯টি কোম্পানিরই শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৬০টির আর অপরিবর্তিত ছিল ২৯টির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে প্রায় ২৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা কম। গতকাল লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ২৭৪ পয়েন্টে।