দরপতনের প্রতিবাদে আবারও বিক্ষোভ
দেশের শেয়ারবাজারে গত তিন ধরে অব্যাহতভাবে দরপতনের ঘটনা ঘটেছে। এতে পুঁজি হারিয়ে আজ বুধবার বিক্ষোভ করেছেন কিছু বিনিয়োগকারী। বেলা পৌনে তিনটার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, গত দুই দিনের ধারাবাহিকতায় আজও শেয়ারবাজারে দরপতনের মধ্যে লেনদেন শেষ হয়। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৬ পয়েন্ট কমে যায়। আর সিএসইর সার্বিক মূল্যসূচক কমে ২০৬ পয়েন্ট। আর এতে পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে জড়ো হন। বেলা পৌনে তিনটার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু করেন তাঁরা। প্রায় আধা ঘণ্টা বিনিয়োগকারীদের বিক্ষোভ চলে। এ সময় তাঁরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান মো. খায়রুল হোসেন ও ডিএসইর সভাপতি রকিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।এ বিষয়ে বিনিয়োগকারী ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক বলেন, বাজারে স্থিতিশীলতা আনতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও এর বাস্তবায়ন করছে না এসইসি বা ডিএসই। আর এর ফলে বাজারে অব্যাহতভাবে দরপতনের ঘটনা ঘটছে। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এসইসির চেয়ারম্যান ও ডিএসইর সভাপতির প্রতি আহ্বান জানান তিনি। অন্যথায় নিজ নিজ পদ থেকে পদত্যাগের অনুরোধ জানান।