দরপতনের প্রতিবাদে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আবারও রাস্তায়
শেয়ারবাজারের টানা দরপতনের প্রতিবাদে আবারও রাস্তায় নেমে এসেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।গতকাল বৃহস্পতিবার লেনদেন শেষে একদল বিনিয়োগকারী মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে ক্ষুব্ধ বিনিয়োগকারীর বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) স্মারকলিপি দিয়েছে। তাতে নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর প্রিমিয়াম কমানো ও চাঁদা গ্রহণ পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়।এদিকে প্রধান শেয়ারবাজার ডিএসইতে গতকালও লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৬ শতাংশেরই শেয়ারের দরপতন ঘটেছে। যদিও দিন শেষে ঢাকার বাজারের সূচক সামান্য ঊর্ধ্বমুখী ছিল। সেই সঙ্গে লেনদেনের পরিমাণও অবশ্য কিছুটা বেড়েছে।ঢাকায় সূচক ও লেনদেন খানিকটা বাড়লেও দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২৩ পয়েন্ট কমেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টানা দরপতনের কারণে এখন বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা ভীতি কাজ করছে। পাশাপাশি লেনদেন কমে যাওয়াকেও উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত, এ মুহূর্তে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম। এ কারণে লেনদেনেও তেমন গতি নেই। যোগাযোগ করা হলে মার্চেন্ট ব্যাংক কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে নতুন যেসব কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণ চলছে, সেগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেড়েছে। বিশেষ করে ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের প্রতি বেশ আগ্রহ দেখা গেছে। সেকেন্ডারি বাজারেরও অনেকেই আইপিও আবেদনের প্রতি ঝুঁকছেন। এর কিছুটা প্রভাব বাজারের ওপর পড়েছে।’মাশরিব জাহিদ আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে যেসব ব্যাংক তাদের ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বেশির ভাগ ব্যাংকেরই শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমে গেছে। এ কারণেও বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। আমাদের বাজারে ব্যাংকিং খাতের প্রভাব অনেক বেশি হওয়ায় এমনটি হয়েছে।’লেনদেন কমে গেলেও বড় ধরনের কোনো পতন এখনো পর্যন্ত ঘটছে না—বাজারের জন্য এটিকে ভালো লক্ষণ বলে মনে করেন কসমোপলিটন ফিন্যান্সের এই শীর্ষ নির্বাহী। সানলাইফ ইন্স্যুরেন্সের আইপিওর চাঁদা গ্রহণ গতকাল শেষ হয়েছে। শেষদিনে মতিঝিলের বিভিন্ন ব্যাংকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বিনিয়োগকারীদের আবেদন জমা দিতে দেখা গেছে। ঢাকার বাজারে এ দিন ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম কমেছে ১৭৭টি কোম্পানির, বেড়েছে ৭৪টির, অপরিবর্তিত ছিল ১৭টির। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক মাত্র তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩৪৮ পয়েন্টে। এদিন ডিএসইতে ২৭৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা বেশি। অন্যদিকে চট্টগ্রামের বাজারে গতকাল ১৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম কমেছে ১৩৫টির, বেড়েছে ৩৪টির আর অপরিবর্তিত ছিল ১৫টির দাম। দিন শেষে সিএসইর সার্বিক সূচক কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৬২ পয়েন্টে। এদিন চট্টগ্রামের বাজারে প্রায় ৩৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা বেশি।