দরপতনের প্রতিবাদে প্রতীকী অনশন
দেশের শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে এবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে আজ সোমবার বেলা দুইটা থেকে সোয়া তিনটা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে এই কর্মসূচি পালন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকালের ধারাবাহিকতায় আজও দরপতনের মধ্যে লেনদেন চলে। এতে পুঁজি হারিয়ে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। তাঁরা ডিএসইর ভবনের সামনে বেলা দুইটার দিকে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেন। এ সময় সেখানে উপস্থিত পুলিশের সদস্যরা তাঁদের ব্যানার ছিনিয়ে নিলে তাঁরা রাস্তায় বসেই কর্মসূচি পালন শুরু করেন। একই সঙ্গে বরাবরের মতো অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা পুঁজিবাজারে কারসাজি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।বেলা সোয়া তিনটায় ডিএসইর সামনে বিনিয়োগকারীদের এ কর্মসূচি শেষ হয়। এ সময় ডিএসইর সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, ‘অব্যাহত দরপতনের কারণে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাচ্ছে। এ অবস্থায় আমরা আজ প্রতীকী অনশন কর্মসূচি পালন করছি।’আবদুর রাজ্জাক বলেন, এর আগেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু তাতে সংশ্লিষ্টদের টনক নড়েনি। তাই বাধ্য হয়ে প্রতীকী অনশন কর্মসূচি দেওয়া হয়েছে।