দরপতনের প্রতিবাদে বিক্ষোভ
দেশের শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। আজ সোমবার বেলা দেড়টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল ভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা এতে অংশ নেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদুল আজহার ছুটির পর থেকে শেয়ারবাজারে অব্যহতভাবে দরপতনের ঘটনা ঘটছে। এতে পুঁজি হারিয়ে বেশ কিছু বিনিয়োগকারী ডিএসইর সামনে জড় হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তাঁরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন, ডিএসইর সভাপতি রকিবুর রহমান, জ্যেষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনারও দাবি করেন তাঁরা। এ ছাড়া বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ গ্রহণ নিশ্চিত করা, অতিরিক্ত প্রিমিয়াম সহ অনুমোদন দেওয়া কোম্পানির আইপিও বাতিলসহ বিভিন্ন দাবি জানান তাঁরা।