দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা সাত কর্মদিবসে দেশের শেয়ারবাজারে দরপতনের ঘটনা ঘটেছে। অব্যাহত এই দরপতনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল ভবনের সামনে বিক্ষোভ করেছেন কিছু বিনিয়োগকারী।প্রত্যক্ষদর্শীরা জানান, গত সাত কর্মদিবসে দেশের শেয়ারবাজারে দরপতনের ঘটনা ঘটে। এমনকি আজও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমার মধ্যে লেনদেন শেষ হয়। অব্যাহত এই দরপতনের প্রতিবাদে বেলা পৌনে তিনটার দিকে কিছু ক্ষুব্ধ বিনিয়োগকারী ডিএসইর সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময় তাঁরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা অভিযোগ করেন, সম্প্রতি বেশ কয়েকটি কোম্পানির আইপিওর অনুমোদন বাজারে দরপতন ত্বরান্বিত করছে। তাই তাঁরা ওই সব কোম্পানির আইপিও বাতিলেরও আহ্বান জানান। পরে এসইসিতে স্মারকলিপি দিতে যান বিক্ষোভকারীরা।এ বিষয়ে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক জানান, পবিত্র ঈদুল আজহার ছুটির পর থেকে বাজারে একটানা দরপতন অব্যাহত রয়েছে। এসইসির কিছু ভুল সিদ্ধান্তের কারণে বাজারের এই দশা।তিনি আরও বলেন, চলতি মাসে চারটি প্রতিষ্ঠানের আইপিওর আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে বাজার থেকে টাকা উত্তোলন করে ওই সব কোম্পানিতে আবেদন করছেন বিনিয়োগকারীরা। ফলে বাজারে নতুন করে তারল্যসংকট দেখা দেওয়ায় বাজারে দরপতন ত্বরান্বিত হচ্ছে।