দরপতনের সঙ্গে লেনদেন কমেছে
দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার লেনদেন ও মূল্যসূচক দুই-ই কমেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা এটিকে স্বাভাবিক মূল্য সংশোধন বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তাঁরা এও বলেছেন, আগের দিনগুলোর চেয়ে গতকালের বাজারে শেয়ারের বিক্রির চাপ কিছুটা বেশি ছিল।এর মূল কারণ হিসেবে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণসংক্রান্ত নতুন বিধান ঘিরে তৈরি হওয়া নানা জল্পনাকল্পনাকে দায়ী করেছেন তাঁরা। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১২৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ২১৪ পয়েন্ট কমে আবারও ১৫ হাজারের নিচে নেমে এসেছে।যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, গতকালের বাজারে কিছুটা স্বাভাবিক মূল্য সংশোধন হয়েছে। টানা কয়েক দিনের দর বাড়ার পর অনেক বিনিয়োগকারী গতকাল বাজার থেকে মুনাফা তুলে নিয়েছেন। এতে বাজারে হঠাৎ করে বিক্রির চাপ বেড়েছে। পাশাপাশি নেতিবাচক প্রচারণায় আক্রান্ত হয়েও কেউ কেউ হাতে থাকা শেয়ার বিক্রি করে দিয়েছেন, যার প্রভাব সূচকে প্রতিফলিত হয়েছে।মোহাম্মদ হাফিজ বলেন, বর্তমানে বাজার যে পর্যায়ে পৌঁছেছে তাতে অনেক খাতে নতুন বিনিয়োগের সুযোগ এখনো রয়ে গেছে। এমনকি বাজারে আরও গতি সঞ্চার হওয়ার সুযোগ রয়েছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে অচিরেই বাজার তার নিজস্ব একটি গতি বা মাত্রা খুঁজে পাবে। এতে অনেক বিনিয়োগকারীর ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে। আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের দৈনিক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকি খাতের শেয়ারের দরপতন গতকাল বাজারে মূল্য সংশোধন বা সূচক কমায় বড় ভূমিকা রেখেছে। এসব খাতে গতকাল বিক্রির চাপ বেশি ছিল। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। তবে এদিন সূচক বৃদ্ধি ও লেনদেনের গতি আগের দিনগুলোর চেয়ে কিছুটা মন্থর ছিল। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় সূচক ও লেনদেন মন্থরগতিতে চললেও দেড়টার পর সূচক হঠাৎ করে দ্রুত কমতে শুরু করে। যদিও একপর্যায়ে সেই পতনের গতিটিও মন্থর হয়। তা সত্ত্বেও দিন শেষে সূচক ঋণাত্মক অবস্থানেই ছিল।ঢাকার বাজারে গতকাল ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে ডিএসইতে ৭৩৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২৫৩ কোটি টাকা কম।সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭২ পয়েন্টে। সিএসইতে মঙ্গলবার প্রায় ৬৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২৬ কোটি টাকা কম।