দরিদ্র কৃষকদের সুদবিহীন ঋণ দেবে জনতা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের মধ্যে সুদবিহীন ঋণ বিতরণের ব্যবস্থা নিয়েছে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক। দারিদ্র্য নিরসনে ও ভূমিহীনদের স্বাবলম্বী করতে এ কর্মসূচি নিয়েছে ব্যাংকটি। দেশের ব্যাংক খাতে এ ধরনের সামাজিক দায়িত্বশীলতার (সিএসআর) এটিই প্রথম উদাহরণ।জানা গেছে, প্রথম ভাগে মঙ্গাপীড়িত ও সিডর আইলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে এ ঋণ বিতরণ করা হবে। পরে এ কর্মসূচির ফলাফল বিশ্লেষণ করে নতুন এলাকায় ঋণ দেওয়া যায় কি না, তা বিবেচনা করবে ব্যাংক। প্রাথমিকভাবে দেড় কোটি টাকা এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রথম দফায় ঋণ দেওয়ার পর সেই ঋণ কীভাবে ব্যবহার করা হয়েছে, এতে কী উপকার হয়েছে, সেটি সমীক্ষার ব্যবস্থা নেব।’সমীক্ষার ফলাফল বিশ্লেষণ শেষে ব্যাংক তার এ কর্মসূচি পুনর্বিবেচনাও করবে বলে জানান আমিনুর রহমান।জানা যায়, এ কর্মসূচির আওতায় যাদের ঋণ দেওয়া হবে, তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে সফলতা এলে ব্যাংক তখন তাদের কাছ থেকে সুদ আদায় করবে। প্রাথমিকভাবে ব্যাংক এক থেকে তিন বছরের জন্য সুদবিহীন ঋণের জোগান দেবে, পরে এ ঋণে সুদ আদায় করা হবে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনতা ব্যাংক বলেছে, ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের কৃষি উপকরণ ক্রয়ে উচ্চসুদে মহাজনী ও অন্যান্য ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য ব্যাংক এ কর্মসূচি নিয়েছে। এর ফলে কৃষি উত্পাদন বৃদ্ধিতে উত্সাহ জোগানো, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং পতিত জমি চাষের আওতায় আনতে সহায়ক হবে বলে ব্যাংক মনে করে।২৩ জানুয়ারি বরিশালের গৌরনদী উপজেলার জনতা ব্যাংকের ভূরঘাটা শাখায় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে সুদবিহীন ঋণ বিতরণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত এর উদ্বোধন করবেন।২৬ জানুয়ারি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী শাখায় মঙ্গাপীড়িত চাষিদের মধ্যেও এ ঋণ বিতরণ করা হবে। এটি উদ্বোধন করবেন কুড়িগ্রাম-১ আসনের সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান।জানা গেছে, জনতা ব্যাংক সিএসআর কর্মসূচির আওতায় নির্দিষ্ট পরিমাণ তহবিল বরাদ্দ দিয়ে এ ধরনের অনুসরণীয় ও ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে। সাধারণভাবে দেশের অনেকগুলো ব্যাংক প্রতিবছর তাদের সিএসআর কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে বেশ বড় অঙ্কের তহবিল অনুদান হিসেবে বিতরণ করে আসছে। কিন্তু জনতা ব্যাংক সিএসআর তহবিলকে নতুনভাবে ব্যবহারের এ পথ তৈরি করেছে, যা ইতিমধ্যেই ব্যাংক খাতে প্রশংসা পেয়েছে।