দরিদ্র মহিলারা ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন
মহিলাবিষয়ক অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘খাদ্য ও জীবিকার নিরাপত্তা’ (এফএলএস)’ প্রকল্পের উপকারভোগী অতি দরিদ্র মহিলারা ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন।প্রকল্পটির উপকারভোগীদের ব্যাংক হিসাব খোলার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের রাষ্ট্রায়ত্ত সব বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রকল্পের উপকারভোগীদের ভাতা প্রদান ও তাদের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিতকরণে ব্যাংক হিসাব খুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ খবর বাসসের।কেন্দ্রীয় ব্যাংকের সূত্রমতে, এ হিসাবে ন্যূনতম স্থিতি রাখার বাধ্যবাধকতা আরোপ কিংবা কোনো ধরনের মাশুল বা ফি আদায় করা হবে না। চেকবইয়ের অপ্রতুলতা থাকলে এর পরিবর্তে ভাউচারের মাধ্যমেও এসব হিসাবে লেনদেন করা যাবে। এই ব্যাংক হিসাবের মাধ্যমে উপকারভোগীরা সব ধরনের ভাতা উত্তোলন করতে পারবেন।