দরিদ্র মানুষের স্বার্থেই মুঠোফোনে স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোর প্রান্তিক জনগণের স্বার্থে মুঠোফোনের মাধ্যমে উন্নত স্বাস্থ্যসেবা চালু করাকে খুবই জরুরি বিষয় বলে মন্তব্য করেছেন টেলিনরের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন ফ্রেডরিক বাকসাস।তবে এই সেবা প্রদানের জন্য প্রশস্ত তরঙ্গ বিতরণের বিষয়টি সংশ্লিষ্ট দেশের সরকারকে নিশ্চিত করতে হবে বলে ফ্রেডরিক বাকসাস জানান। তিনি বলেন, সরকারি-বেসরকারি ও বিশেষ করে ডাক্তারদের সহযোগিতায় এ সেবা খুব দ্রুত প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।সরকারের স্বাস্থ্য ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতেও বাকসাস সুপারিশ করেন। স্পেনের বার্সেলোনায় গতকাল মঙ্গলবার ‘জিএসএমএ ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস’-এ টেলিনরের প্যাভিলিয়নে এক বিশেষ সাক্ষাৎকারে ফ্রেডরিক বাকসাস সাংবাদিকদের এসব কথা বলেন।বাকসাস বলেন, ‘আমরা স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সেবা নিয়ে কাজ করছি প্রান্তিক জনগণের জন্য।’ বাংলাদেশে স্বাস্থ্যসেবা বিষয়ে ৭৮৯ নম্বরে ফোন করার প্রসঙ্গ তুলে ধরে জন ফ্রেডরিক বাকসাস বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রযুক্তির বহুবিধ ব্যবহারের মাধ্যমে এসব সেবা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে।’এসব সেবা কতটুকু নিরাপদ? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ফ্রেডরিক বাকসাস বলেন, ‘আমরা এসব সেবা চালু করার আগেই নিরাপত্তার বিষয়টি যেন নিশ্চিত থাকে, সে বিষয়টিও অন্তর্ভুক্ত করেছি। ’বাকসাস আরও বলেন, ‘পৃথিবীতে মুঠোফোন ব্যবহার-কারীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এদের মধ্যে ১৩০ কোটি মানুষ এখন মুঠোফোনেই ব্রডব্যান্ড ব্যবহার করছে। সে অনুযায়ী মুঠোফোনে স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়টি এখন সময়ের দাবি।’ বাকসাস বলেন, ‘প্রযুক্তি দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ প্রজন্মের যাই হোক না কেন, নতুন প্রজন্ম এখন মুঠোফোনে সেবা পেতে চায়। তাই প্রযুক্তির উন্নয়ন ও সরকারসহ আমাদের সবার চেষ্টা নতুন প্রজন্মের দাবি মেটাতে পারবে।’উল্লেখ্য, বাংলাদেশে টেলিনরের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন।