দরিদ্রদের কাছে ব্যবসায়ের সুফল পৌঁছাতে হবে
দেশে দারিদ্র্য কমাতে সামাজিক নিরাপত্তাবেষ্টনী এবং বেসরকারি সংস্থা বা এনজিওভিত্তিক কার্যক্রম ভূমিকা রাখছে। কিন্তু দারিদ্র্য দূরীকরণকে টেকসই করতে হলে বাজারভিত্তিক ব্যবসায়-বাণিজ্যের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল রোববার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত ‘বাজারনিয়ন্ত্রিত অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি: সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে বিশেষজ্ঞরা এ মত দেন।
এতে জানানো হয়, সমাজের সব শ্রেণির মানুষ যাতে ব্যবসা-বাণিজ্যের সুফল পায়, সেটি নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক ব্যবসা (ইনক্লুসিভ বিজনেস) নামের নতুন একটি ব্যবসা পদ্ধতি নিয়ে গবেষণা করবে বিআইডিএস।
নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা মনে করেন, অন্তর্ভুক্তিমূলক ব্যবসার ধারণা কার্যকর করতে হলে এ বিষয়ে যে অস্পষ্টতা রয়েছে সেটি দূর করা প্রয়োজন।
অন্তর্ভুক্তিমূলক ব্যবসার সম্ভাবনা ও প্রায়োগিক দিক নিয়ে একটি গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে সেমিনারটির আয়োজন করা হয়। বিআইডিএসের গবেষক নাজনীন আহমেদ ও আবুল বাশার যৌথভাবে এ গবেষণাটি করবেন।
বিআইডিএসের গবেষণা পরিচালক বিনায়ক সেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম।